২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪০

এবার ডেঙ্গুতে আক্রান্ত পেসার নাহিদ রানা

টাইগার পেসার নাহিদ রানা  © সংগৃহীত

চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নেওয়ার মধ্যেই নতুন ধাক্কা খেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই গতিময় বোলার। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা। পরবর্তীতে পরীক্ষা করানো হলে রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। তাই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর আমরা পরবর্তী অবস্থা বুঝতে পারব।’

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাহিদের ফেরার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ১০ ডিসেম্বর কিম্বার্লিতে শুরু হবে এই সিরিজ। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি বিসিবির প্রধান চিকিৎসক।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর থেকে মাঠের বাইরে রয়েছেন নাহিদ। শুরুতে সাইড স্ট্রেইনের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি।

পরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে ফেরার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন এই পেসার। এর মধ্যে পিঠের নিচের অংশ ও শ্রোণিদেশে ব্যথা অনুভব করেন তিনি। এতে কমে যায় তার বোলিংয়ের শক্তি।

স্ট্রেংথ ও ফ্লেক্সিবিলিটি কমে যাওয়ায় পূর্ণ শক্তিতে বোলিং করতে পারছিলেন না নাহিদ। বোলিংয়ের সক্ষমতা ফিরিয়ে আনতে শুরু হয় নতুন করে পুনর্বাসন প্রক্রিয়া। দেশে কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়।

সফলভাবে পুনর্বাসন শেষ করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার সবুজ সংকেত পেয়েছিলেন নাহিদ। তবে ঝুঁকি এড়াতে টিম ম্যানেজমেন্ট তাকে আরও কিছুটা সময় দেয়। আশা ছিল, টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে।

কিন্তু নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সেই সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে। সুস্থ হয়ে উঠলে আগামী ১৫ ডিসেম্বর বরিশালে শুরু হতে যাওয়া ডি থ্রি (ডমেস্টিক থ্রি) ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরতে পারেন এই পেসার।