২৪ নভেম্বর ২০২৬, ২২:২২

আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, নেই মোস্তাফিজ-সাকিব

মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান  © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামে বাংলাদেশের প্রায় ১২ জন ক্রিকেটারের নাম থাকছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক নিলাম তালিকায় রয়েছে তাদের নাম। তবে বড় তারকা হওয়া সত্ত্বেও মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের এই তালিকায় জায়গা হয়নি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রিকবাজ।

এবারের নিলাম তালিকায় সবচেয়ে আলোচিত নাম ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলতি বছরের শুরুতে অবসর নেওয়া এই ক্রিকেটার আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিতব্য মিনি নিলামে অংশ নিতে নিবন্ধন করেছেন। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। সব মিলিয়ে প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ১ হাজার ২২০ জন ক্রিকেটার।

তবে স্টোকসের নিলামে অংশগ্রহণ নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা ছিল। কারণ, ২০২৫ সালের মেগা নিলামে নাম নিবন্ধন করেননি তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, মেগা নিলামে অংশ না নেওয়া বিদেশি ক্রিকেটার পরবর্তী বছরের মিনি নিলামে নিবন্ধনের যোগ্য নন। তবে এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিলামে নাম লিখিয়েছেন স্টোকস।

২০২৪ সালের মেগা নিলামের আগে এই নিয়ম চালু করে বিসিসিআই। নিয়ম অনুযায়ী, নিলামে নিবন্ধন করে কোনো ক্রিকেটার দল পাওয়ার পর মৌসুম শুরুর আগে নিজেকে প্রত্যাহার করলে দুই মৌসুমের জন্য টুর্নামেন্ট ও নিলামে নিষিদ্ধ হবেন। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের অবশ্যই মেগা নিলামে নিবন্ধন করতে হবে। তা না করলে পরবর্তী বছরের নিলামে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।

৩৫ বছর বয়সী স্টোকসের অন্তর্ভুক্তি এবারের নিলামে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। বড় তারকার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকতে পারে। শুধু অলরাউন্ডার হিসেবেই নয়, অধিনায়ক খুঁজছে এমন দলগুলোর সম্ভাব্য পছন্দও হতে পারেন ইংলিশ এই ক্রিকেটার।

আইপিএলে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন স্টোকস। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্ট, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালস এবং ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেন তিনি। পাঁচ মৌসুমে ৪৫ ম্যাচ খেলে ৯৩৫ রান করার পাশাপাশি শিকার করেছেন ২৮ উইকেট।

এদিকে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মো. রুবেল এই তালিকায় আছেন।

অন্যদিকে আইপিএলের প্রাথমিক নিলাম তালিকায় থাকা ১ হাজার ২২০ ক্রিকেটারের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলামে সর্বোচ্চ ৬৬টি জায়গা খালি রয়েছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি। তালিকায় রয়েছেন ১৮৪ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয়, ১৭০ জন আন্তর্জাতিক ক্রিকেটার, সহযোগী দেশগুলোর ৪২ জন ক্রিকেটার, গত আইপিএলে খেলা ১২৭ জন অনভিষিক্ত ভারতীয়, অন্য ৬২৮ জন অনভিষিক্ত ভারতীয় এবং ৬৯ জন অনভিষিক্ত বিদেশি ক্রিকেটার।

প্রাথমিক তালিকার বাইরে থাকা কোনো ক্রিকেটারকে নিলামে যুক্ত করতে চাইলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) ভারতীয় সময় বিকেল ৫টার মধ্যে বিসিসিআইকে জানাতে হবে। অতিরিক্ত নামগুলো চূড়ান্ত নিলাম তালিকায় যুক্ত করা হবে।

এ ছাড়া ১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক তালিকা থেকে পছন্দের ক্রিকেটারদের নাম বিসিসিআইকে জানাতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

বিভাগ অনুযায়ী ক্রিকেটারের সংখ্যা:

আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয়: ১৪ জন

আন্তর্জাতিক ক্রিকেটার: ১৭০ জন

সহযোগী দেশের ক্রিকেটার: ৪২ জন

আগের আইপিএল মৌসুমে খেলা অনভিষিক্ত ভারতীয়: ১২৭ জন

অন্যান্য অনভিষিক্ত ভারতীয়: ৭৯৮ জন

অনভিষিক্ত বিদেশি: ৬৯ জন

সর্বমোট: ১ হাজার ২২০ জন