সেমিফাইনালে পাকিস্তান, প্রতিপক্ষ বাংলাদেশ
ব্যাটিং বিপর্যয়ে পড়েও শেষ পর্যন্ত বড় জয় তুলে নিয়েছে পাকিস্তান ‘এ’ দল। এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে নেপালকে মাত্র ৭২ রানে অলআউট করে ৯৬ রানের জয় পেয়েছে তারা। এই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দোহায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেপালের বোলারদের তোপে পড়ে পাকিস্তান। মাত্র ৮৮ রানেই ৭ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে দলটি।
সেখান থেকে দলকে টেনে তোলেন আট নম্বরে ব্যাট করতে নামা রোহাইল নাজির। ৮৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ৪২ ওভারে ১৬৮ রানে অলআউট হয় পাকিস্তান।
নেপালের হয়ে দুর্দান্ত বোলিং করেন রশিদ খান। ৩৯ রান খরচায় একাই নেন ৫ উইকেট।
জবাবে পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল। মাত্র ১৫ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন ওপেনার মায়ান যাদব। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪১ রান।
তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি। ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় নেপাল।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাসনাইন ও সুফিয়ান মুকিম নেন ৩টি করে উইকেট।