২৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৫

২৮ বলেই সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

বৈভব সূর্যবংশী  © সংগৃহীত

মাত্র ২৮ বলেই হাঁকালেন সেঞ্চুরি! এ যেন ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্বরেকর্ড গড়লেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। অবিশ্বাস্য এই ইনিংসে ১৫টি ছক্কাও হাঁকিয়েছেন টিনএজ এই ব্যাটার।

দোহায় চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই কীর্তি গড়েন সূর্যবংশী। মাত্র ২৮ বলেই তিন অঙ্কের ঘরে পৌঁছে ভেঙে দেন লিস্ট-এ ক্রিকেটের আগের বিশ্বরেকর্ড।

এর আগে, লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জ্যাক-ফ্রেজার ম্যাকগার্কের দখলে। ২০২৩-২৪ মৌসুমে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার এক বল কম খেলে সেই রেকর্ড নিজের করে নিলেন সূর্যবংশী।

তবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনও অক্ষত। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।