হারের শঙ্কা, তবুও আশা দেখছেন হাসান
টেস্ট ক্রিকেটের কঠিন বাস্তবতা আবারও সামনে এসেছে বাংলাদেশের। জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিন পর্যন্ত ভালো অবস্থানে থেকেও শৃঙ্খলা ও ধারাবাহিকতার অভাবে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় সফরকারীরা। তবে কঠিন পরিস্থিতিতেও ম্যাচ বাঁচানোর ব্যাপারে আশাবাদী পেসার হাসান মাহমুদ। শেষ দিনে সতীর্থদের কাছ থেকে একাধিক বড় জুটি প্রত্যাশা করছেন তিনি।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম সেশনে অনায়াসেই রান তুলে বড় লিড নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তাতে জয়ের সম্ভাবনা তো দূরের কথা, এখন ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে দল।
ম্যাচের শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ৫৭ রান। হাতে রয়েছে মাত্র পাঁচ উইকেট। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমকে নিয়ে শেষ দিনের খেলা শুরু করবে দল।
অথচ চতুর্থ দিনের শুরুতে ম্যাচে ভালো অবস্থানে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তিন উইকেট হাতে রেখে মাত্র ১৪ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে বর্ধিত প্রথম সেশনে ৩৪.১ ওভারে আরও ১৭১ রান যোগ করে স্বাগতিকরা। ফলে তাদের লিড দাঁড়ায় ১৫৭ রানে। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১০০ রান।
লোয়ার-অর্ডারের ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিংয়ের ঘাটতি নিয়ে হাসান বলেন, “ওদের টেইলএন্ডাররা যখন এসেছিল, তখন একটু রান খরচ হয়ে গেছে। চেষ্টা করছিলাম, এক জায়গায় বোলিং করে যাব, নিয়ন্ত্রিত বোলিং করব। কিন্তু জানি না, যে কোনো কারণে হয়নি সেটা। ওরকম চাপ তৈরি করতে পারিনি টেইলএন্ডারদের। তারপর ওরা ভালো একটা স্কোর করে।”
তিনি যোগ করেন, “আমরা যখন আবার ব্যাটিংয়ে নামি, দ্রুত উইকেট পড়ে যায়। এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া উপায় নেই। কালকে যদি আমরা দুই-তিনটা জুটি বা ভালো একটা দিন শেষ করতে পারি... ব্যাটসম্যানরা অবশ্যই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যে, যতক্ষণ ধরে রাখতে পারি আরকি।”
প্রথম ইনিংসেও ব্যাটিংয়ে ভালো শুরু পায়নি বাংলাদেশ। মাত্র ২২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে দল। সেখান থেকে বাকি পাঁচ উইকেটে আরও ২৭৮ রান যোগ করে ৪০০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।প্রথম ইনিংসের সেই ঘুরে দাঁড়ানোর ঘটনাই শেষ দিনের লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে দেখছেন হাসান।
তিনি বলেন, “ব্যক্তিগতভাবে বলব, আমি মন থেকে বিশ্বাস করি, (ম্যাচ বাঁচাতে) পারব। প্রথম ইনিংসে ২০-৩০ রানের মধ্যে তিন উইকেট পড়ে গেছিল, ওই অবস্থা থেকে আমরা ৪০০ করেছি। তো আমার এখনও বিশ্বাস হয় যে, আমরা যদি জুটি করতে পারি, ভালো একটা জুটি হয়, তাহলে সামাল দিতে পারব।”
কন্ডিশন ও শেষ দিনের চ্যালেঞ্জ নিয়ে হাসান বলেন, “আজকে প্রায় মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল। ওদের ফাস্ট বোলারদের জন্য খুবই ভালো সময় ছিল বোলিং করার জন্য। সিম মুভমেন্ট পাচ্ছিল ওরা শুরু থেকেই। আমরা স্ট্রাগল করেছি শুরু থেকেই। এখন যদি কালকে আমরা জুটি করতে পারি, তাহলে অবশ্যই... আমরা চেষ্টা করব যে কীভাবে এখান থেকে ম্যাচ বাঁচাতে পারি।”