১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭

অনিয়ম ও ম্যাচ পাতানো রোধে কঠোর হচ্ছে বিসিবি

গণমাধ্যমে কথা বলছেন সিসিডিএম চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী  © সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটে অনিয়ম ও ম্যাচ পাতানোর মতো ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এ লক্ষ্যে দুর্নীতি দমন ইউনিটের (আকসু) সঙ্গে সমন্বয় করে নতুন কিছু নিয়ম প্রণয়নের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের কপি সিসিডিএমের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।

সিসিডিএম চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রস্তাবিত নিয়মগুলো ইতোমধ্যে বোর্ডে পাঠানো হয়েছে। পরবর্তী বোর্ড সভায় অনুমোদনের আশা থাকলেও এখন থেকেই সেগুলো কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তার ভাষ্যমতে, ‘আকসুর কিছু নতুন নিয়ম আমরা ডেভেলপ করছি, যাতে কোনো ধরনের ম্যাচ পাতানো বা এ ধরনের ব্যাপার নিয়ে, যেসব বিষয়ে আগে নির্দিষ্ট নিয়ম ছিল না, সেগুলো নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেটা প্রয়োগ হবে। আমরা অলরেডি বোর্ডে দিয়েছি, পরবর্তী বোর্ড মিটিংয়ে এটা পাশও হবে। পাশাপাশি প্রয়োগ করাও এখন থেকেই শুরু হয়ে যাবে।’

এদিকে মাঠের অনিয়ম নিয়ন্ত্রণের পাশাপাশি ক্লাব ও ক্রিকেটারদের মধ্যকার চুক্তিতেও স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সিসিডিএম। এ কারণে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবগুলোর করা চুক্তির একটি করে কপি জমা দিতে বলা হয়েছে। মঈন উদ্দিনের মতে, পুরো প্রক্রিয়ায় জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে ক্লাবগুলোর যে চুক্তি হয়েছে, সেটির একটি কপি আমাদের কাছে জমা দিতে বলেছি। সবকিছু স্বচ্ছ রাখতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’ 

মঈন উদ্দিন বলেন, ‘আমরা ড্রোনের জন্য রিকুইজিশন দিয়েছি। এটা আসতে দেরি হলে অতিরিক্ত ক্যামেরা আমরা দিয়ে দিয়েছি প্রতিটি মাঠে।’