হাসানের তোপে ৫ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত হানছেন হাসান মাহমুদ। মার্কেস অ্যাকারম্যানের বিধ্বংসী ইনিংসের ইতি টানার পর এবার ম্যাথু ব্রিৎজকেকেও ফিরিয়েছেন। তার জোড়া আঘাতে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
অফ স্টাম্পের বাইরে করা হাসানের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন ব্রিৎজকে। তবে ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। আম্পায়ার প্রথমে আউট না দিলেও বাংলাদেশের রিভিউতে আল্ট্রা-এজে ব্যাটের হালকা স্পর্শ ধরা পড়ে। তাতেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।
মাত্র ১৭ বলে ২ রান করেছেন ব্রিৎজকে। হাসানের তৃতীয় উইকেট এটি। ৫৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৭৯ রান। অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত আছেন ১৮ রানে। প্রথম ইনিংসে এখনো ১২১ রানে পিছিয়ে স্বাগতিকেরা।
এর আগে, ভয়ঙ্কর হয়ে ওঠা মার্কেস অ্যাকারম্যানের ইনিংসের ইতি টানেন হাসান। শর্ট বল হুক করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
১৬৪ বলে ২১ চার ও এক ছক্কায় ১৫৭ রান করেন অ্যাকারম্যান। মাত্র ৫ রানে প্রথম উইকেট হারানোর পর তার দুর্দান্ত ব্যাটিংয়েই ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। আগের ওভারেই মুমিনুল হককে চার ও ছক্কা হাঁকিয়ে দেড়শ রান পূর্ণ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত হাসানের বলে থামে তার দুর্দান্ত ইনিংস। ২৬৮ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে, দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে রীতিমতো অসহায় দেখাচ্ছিল বাংলাদেশের বোলারদের। স্বীকৃত চার বোলারের কেউই উইকেট এনে দিতে পারছিলেন না। প্রতিপক্ষের ব্যাটারদের ওপর চাপও তৈরি করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুমিনুল হকের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর প্রথম ওভারেই সাফল্য এনে দেন বাঁ-হাতি এই স্পিনার।
অফ স্টাম্পের সামান্য বাইরে পড়া মুমিনুলের বলটি টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। হামজা সেটি ডিফেন্ড করতে চাইলেও ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার লিটনের গ্লাভসে। তাতেই ভাঙে ২০২ রানের জুটি। ৮৩ রান করে সাজঘরে ফেরেন জুবায়ের হামজা।