১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৭

হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ  © সংগৃহীত

দ্বিতীয় সেশনের শুরুতেই কাগিসো রাবাদার এক ওভারে জোড়া ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সেই চাপ সামলে আবারও ইনিংস গুছিয়ে নেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা হৃদয় টানা তৃতীয় ইনিংসে অর্ধশতক তুলে নিয়েছেন। অন্যপ্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন লিটন। দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর পথে এগোচ্ছে বাংলাদেশ।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে হৃদয় ৬৬ এবং লিটন ৩০ রানে অপরাজিত ছিলেন। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৬৩ রান।

এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন তিনি। এরপর কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রান করে আউট হলে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে দলের হাল ধরেন তানজিদ ও হৃদয়। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজন। তানজিদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। অন্যপ্রান্তে দারুণ সঙ্গ দেন হৃদয়ও। তবে তাদের ৯৯ রানের জুটিতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

তবে দুর্দান্ত এই জুটির সমাপ্তি ঘটে রাবাদার বোলিংয়ে। পুরো সেশনজুড়েই বাংলাদেশি ব্যাটারদের অস্বস্তিতে রেখেছিলেন তিনি। কিছুটা এলোমেলো বোলিং করলেও পরিস্থিতি সামলে নিচ্ছিলেন তানজিদ ও হৃদয়। শেষ পর্যন্ত রাবাদার বাউন্সারে ব্যাটের স্পর্শ লেগে বল স্টাম্পে আঘাত হানলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ।

এরপর উইকেটে এসে প্রথম বলেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। রাবাদার বলে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ফলে পরপর দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে। দুই উইকেটের পতন ঘটিয়ে নিজের শিকারসংখ্যা পাঁচে নিয়ে যান রাবাদা। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৮তম ফাইফার।