দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লেন তানজিদ-হৃদয়
শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো, এরপর একে একে সাজঘরে ফেরেন আরও দুই ব্যাটার। মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে গভীর চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই বিপর্যয় সামলে দলকে লড়াইয়ে ফেরান তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। শুধু তাই নয়, দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও গড়েছে দলটি।
রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ইনিংসের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন এই ওপেনার। এরপর ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি মুমিনুল হক। দলের বিপর্যয় আরও বাড়িয়ে ২৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে যখন চরম চাপে বাংলাদেশ, তখন দলের হাল ধরেন তানজিদ ও হৃদয়। শুরুতে উইকেট বাঁচিয়ে খেললেও সময়ের সঙ্গে হাত খুলতে থাকেন দুজন। এই জুটিতেই ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তানজিদ। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফিফটি।
তবে তানজিদের সঙ্গে সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছেন হৃদয়ও। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে একসময় ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এর আগে ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশারের গড়া ৮৪ রানের জুটিই ছিল এই রেকর্ডের মালিক। ২৪ বছর পর সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তানজিদ-হৃদয়।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এখনো জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের দখলে। ২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান। তানজিদ ও হৃদয়ের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৯৯ রান।