১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়তি স্পিনার নাকি ব্যাটার?

বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত   © টিডিসি ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ রোববার (১৫ নভেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। জোহানেসবার্গে এই ম্যাচে একাদশ সাজাতে গিয়ে বাড়তি একজন ব্যাটার ও স্পিনারের মধ্যে হিসাব মেলাচ্ছে দল। তিন পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত হলেও চতুর্থ পেসার, নাকি বাড়তি স্পিনার খেলানো হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। উইকেট দেখে শেষ মুহূর্তে একাদশ চূড়ান্ত করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে। তবে বাংলাদেশের একাদশ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের একটা ধারণা আছে। তবে হাতে আরও এক দিন সময় আছে। আগামীকাল দল ঘোষণা করব।’

একাদশের সম্ভাব্য সমন্বয় নিয়ে প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘এই ধরনের কন্ডিশনে আমরা কখনো কখনো বাড়তি একজন ব্যাটারের কথা ভাবি। তবে এখনো সিদ্ধান্ত নিইনি। আমরা এখনো বাড়তি স্পিনার নাকি বাড়তি ব্যাটার খেলাব, সেই দুই বিকল্পের মধ্যে আছি। সম্ভবত আগামীকাল উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’

তিন পেসারের সঙ্গে অন্তত একজন স্পিনার রাখার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে স্পিনারদের কার্যকারিতা বিবেচনায় নিয়ে একাদশে বাড়তি স্পিনার রাখার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অধিনায়ক। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘তিন পেসার তো অবশ্যই থাকবে, সঙ্গে একজন স্পিনারও থাকা উচিত। কারণ, আপনারা দেখেছেন স্পিনাররাও ভালো অবদান রাখছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় তারা যেভাবে বোলিং করেছে, বিশেষ করে মিরাজ। আমার মনে হয়, এই সমন্বয়ে আমরা যেতে পারি। তারপরও হাতে আরও একদিন সময় আছে। সকালে এসে আরেকবার উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’

দক্ষিণ আফ্রিকার এই ভেন্যুতে স্পিনারদের ভূমিকার পাশাপাশি ব্যাটারদের বোলিং সামর্থ্যও কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ কারণে ব্যাটারদের নিয়মিত বোলিং অনুশীলন করানো হচ্ছে। মুমিনুল হককে নেটে নিয়মিত বোলিং করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘মুমিনুল ভাইকে বার্তা দেওয়া হয়েছে, যেন তিনি নিয়মিত নেটে বোলিং করেন। তিনি সেটা করছেন। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছি, সেখানকার চেয়ে এই ভেন্যু দুটি একটু ভিন্ন। তাই আমার মনে হয়, আমরা কিছুটা ভিন্ন বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামব। পাশাপাশি হৃদয়ের বোলিংও গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের দলে যারা ব্যাটিং করি, টেস্ট বলেন বা ওয়ানডে- আমরা খুব বেশি বোলিং করি না। তাই দল হিসেবে আমরা এই কাজটা শুরু করেছি, যেন ব্যাটাররাও বিশেষ করে নেটে বোলিং করে। ম্যাচে কাজে লাগলে মন্দ কী!’

এদিকে বাংলাদেশের ওপেনিং জুটিতেও ডানহাতি-বাঁহাতি সমন্বয়ের বিষয়টি আলোচনায় এসেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতেই দলে জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন বলে জানিয়েছেন শান্ত। একই সঙ্গে নাঈম শেখের সাম্প্রতিক ফর্ম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

শান্ত বলেন, ‘রবিন শুধু ডানহাতি বলে দলে এসেছে, বিষয়টা এমন নয়। এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে সে যেভাবে পারফর্ম করেছে, আমার মনে হয়, এই দলে জায়গা পাওয়ার যোগ্যতা তার আছে। নাঈম শেখও এসেছে। সে গত কয়েক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করছে। দুজনই ভালো ফর্মে আছে। আমার মনে হয়, দুজনই খুব ভালো ছন্দে আছে। আমরা জানি কাকে খেলাব। তবে বিষয়টা আমাদের মধ্যেই থাক।’