মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
আইপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুবাদে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান এখন আন্তর্জাতিক ক্রিকেটে বেশ পরিচিত মুখ। কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের ভুগিয়েছেন তিনি। মুস্তাফিজের বোলিংয়ের কঠিন পরীক্ষায় পড়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও।
ক্রিকেট থেকে অবসর নিলেও মুস্তাফিজের সঙ্গে কাটানো একটি মজার স্মৃতি এখনও মনে রেখেছেন ডি ভিলিয়ার্স। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সিরিজ নিয়ে আলোচনার সময় ফিজকে ঘিরে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।
মুস্তাফিজকে বাংলাদেশের বাঁহাতি অসাধারণ বোলার হিসেবে উল্লেখ করে ডি ভিলিয়ার্স বলেন, নিজের সেরা সময়ে মুস্তাফিজের বল বোঝা ছিল ভীষণ কঠিন। তার বোলিংয়ে ব্যাটারদের জন্য ছিল নানা ধরনের চ্যালেঞ্জ।
এরপর মুস্তাফিজের সঙ্গে নিজের একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। ডি ভিলিয়ার্স জানান, প্রতিবার মুস্তাফিজের বলে আউট হওয়ার পর ম্যাচ শেষে হাত মেলানোর সময় তার হাতের তালুতে সুড়সুড়ি দিতেন বাংলাদেশের এই পেসার।
বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে একাধিকবার মুস্তাফিজকে প্রশ্নও করেছিলেন ডি ভিলিয়ার্স। তিনি জানতে চেয়েছিলেন, এমন আচরণ কি অসম্মান করার উদ্দেশে, নাকি নিছক মজা করে করা হয়? তবে ইংরেজিতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ না করায় মুস্তাফিজ কোনো উত্তর না দিয়ে শুধু হাসতেন।
ডি ভিলিয়ার্সের ধারণা, ম্যাচে তাকে আউট করার বিষয়টি মজার ছলে মনে করিয়ে দিতেই এমনটা করতেন মুস্তাফিজ। বিষয়টিকে কখনোই নেতিবাচকভাবে নেননি তিনি। বরং বাংলাদেশের এই পেসারকে দারুণ একজন মানুষ হিসেবেই অভিহিত করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা।
ডি ভিলিয়ার্সের ভাষায়, ‘প্রতিবারই যখন সে (মুস্তাফিজ) আমাকে ম্যাচে আউট করত, ম্যাচ শেষে হ্যান্ডশেক করার সময় আমার হাতের তালুতে সুড়সুড়ি দিত। সে ইংরেজিতে অতটা স্বাচ্ছন্দ্যবোধ করত না, তবে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, কেন এমন করছো? এটা কি অসম্মানজনক নাকি মজা করছো? তখন সে কেবল হাসতো। আমি ভালোভাবেই নিয়েছিলাম ব্যাপারটা। হয়তো সে মনে করিয়ে দিতে চাইত যে ম্যাচে আমাকে আউট করেছে। সে দারুণ একজন মানুষ। আমি তাকে জিজ্ঞেস করতাম বারবার যে এটা কি অসম্মানজনক কিনা? সে বারবার শুধু হাসতো, তখন ভাবতাম যে না সে মজাই করেছে।’
এদিকে আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।