নাহিদ রানাকে ঘিরে সুসংবাদ
চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে শুরু করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলা হয়নি এই পেসারের। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে এই অপেক্ষার অবসান হতে পারে। টেস্ট ও ওয়ানডেতে তাকে না পাওয়া গেলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে নাহিদের।
চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় ভালোভাবেই এগোচ্ছেন এই পেসার। অস্ট্রেলিয়ায় প্রায় ৯৫ শতাংশ শক্তি নিয়ে বোলিং করেছেন তিনি। নিজের ফিটনেস নিয়েও বেশ আত্মবিশ্বাসী নাহিদ। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে তাকে মাঠে নামাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাহিদের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সে দ্রুত ফিরতে বেশ আশাবাদী। অস্ট্রেলিয়ায় সে ৯৫ শতাংশ বোলিং করেছে। হয়তো ১৫ তারিখে ফিরতে পারে। সে নিজেও আত্মবিশ্বাসী যে এখনই ফেরার মতো অবস্থায় আছে।’
তবে নাহিদের দ্রুত ফেরার আগ্রহ থাকলেও কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে চায় নির্বাচক ও মেডিকেল বিভাগ।
এ নিয়ে বাশার বলেন, ‘চোট থেকে ফেরার ক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে চাই। তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাই না। টেস্ট ও ওয়ানডেতে তাকে নিশ্চিতভাবেই পাওয়া যাবে না।’
ওয়ানডে সিরিজে নাহিদকে পাওয়ার সম্ভাবনা কম থাকলেও টি-টোয়েন্টির আগে তাকে পুরোপুরি ফিট পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক। চাইলে ঝুঁকি নিয়ে আগেই ফেরানো সম্ভব হলেও সে পথে হাঁটতে চায় না বোর্ড। বাশারের মতে, টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিট হয়ে উঠতে পারেন এই পেসার।
জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে নাহিদ। সেই চোটের কারণে মিস করেছেন অস্ট্রেলিয়া সফর ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। পরে উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। সেখানে পরীক্ষায় সাইড স্ট্রেইনের পাশাপাশি ল্যাব্রামের চোটও ধরা পড়ে। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে বোলিংয়ে ফিরেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সিরিজে অংশ নিতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের।
সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এ ছাড়া ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ওয়ানডে এবং ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।