এশিয়া কাপে ভারতীয় দলে বড় পরিবর্তন
রাইজিং স্টার্স এশিয়া কাপের ওয়ানডে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রজত পাতিদার। নিজের চোটের সমস্যার কথা জানিয়ে বিসিসিআইকে তিনি জানিয়েছেন, ৫০ ওভারের ক্রিকেটে নির্বাচনের ক্ষেত্রে তাকে যেন বিবেচনা করা না হয়। তার পরিবর্তে ‘এ’ দলে জায়গা পেয়েছেন আয়ুশ বাদোনি।
পাতিদার সরে দাঁড়ানোয় টুর্নামেন্টে অধিনায়ক তিলক ভার্মার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রিঙ্কু সিং। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাদোনি। দিল্লির হয়ে চলমান রঞ্জি ট্রফিতে গুজরাট ও ঝাড়খণ্ডের বিপক্ষে টানা দুটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। ৬ ইনিংসে ৫৫৯ রান নিয়ে বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাদোনি।
অন্যদিকে, চলতি মৌসুমে মধ্যপ্রদেশের হয়ে তিনটি রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন পাতিদার। সেখানে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে গত অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে দুটি অর্ধশতক করেছিলেন এই ব্যাটার।
এই টুর্নামেন্ট দিয়েই আবারও মাঠে ফিরতে যাচ্ছেন হার্ষিত রানা। ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার সর্বশেষ গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে ভারতের হয়ে খেলেছিলেন। এরপর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে।
ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটারও। তাদের মধ্যে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং ও রিঙ্কু সিং। বর্তমানে নিউজিল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের লাল বলের স্কোয়াডে থাকা তিলক ভার্মা ও কুমার কুশাগ্রা সফর শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন।
হার্ষিত রানার সঙ্গে দলের পেস আক্রমণে থাকবেন প্রিন্স যাদব ও আরশাদ খান। অলরাউন্ডার হিসেবে রয়েছেন সূর্যাংশ শেডগে। অন্যদিকে, স্পিন বিভাগে দলটির ভরসা হবেন হর্ষ দুবে, বিপ্রজ নিগম, শাহবাজ আহমেদ ও তনুশ কোটিয়ান।
রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ‘এ’ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও পাকিস্তান ‘এ’। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং, চীন।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। আর ২৯ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। গ্রুপ পর্বে আগামী ২২ নভেম্বর পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে ভারত ‘এ’।
রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারত ‘এ’ দল:
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার), তিলক ভার্মা (অধিনায়ক), রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্রা (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান ও আয়ুশ বাদোনি।