০৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৯

ছিটকে যাচ্ছেন সাদমান, ওপেনিংয়ে আলোচনায় নতুন মুখ

সাদমান ইসলাম  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে পাওয়া গোড়ালির চোটের কারণে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান সাদমান। চোটের মাত্রা গুরুতর হওয়ায় চলতি টেস্টের বাকি অংশে তার আর ব্যাটিংয়ে নামা হচ্ছে না।

সাদমানের চোট নিয়ে নির্বাচক প্যানেলের এক সদস্য জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকা সফরে খেলা হচ্ছে না এই ওপেনারের। প্রাথমিকভাবে তার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি ফ্র্যাকচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

এদিকে সাদমানের এই ছিটকে পড়ায় রবিনের সামনে নতুন সুযোগ তৈরি করেছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের নজর কাড়া ময়মনসিংহের এই ওপেনারকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে।

ইতোমধ্যে জাতীয় দলের সঙ্গে সিলেটে অবস্থান করছেন রবিন। দলের কোচিং স্টাফদের অধীনে নেটে নিয়মিত অনুশীলনও করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকবেন এই তরুণ।

দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সিরিজে অংশ নিতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের।

সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এ ছাড়া ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ওয়ানডে এবং ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।