০৭ নভেম্বর ২০২৬, ১৩:৫২

রেকর্ড গড়ে ১৫০ করলেন হৃদয়, তাইজুলকে নিয়ে শত রানের জুটি

তাওহিদ হৃদয়   © সংগৃহীত

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর মধ্য দিয়ে সবচেয়ে কম টেস্ট খেলে বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের প্রথম ১৫০ রান করার রেকর্ড গড়েছেন এই ব্যাটার। অন্যদিকে তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেটে শতরানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮৮ রান। হৃদয় ১৬৩ রানে অপরাজিত রয়েছেন। অন্য প্রান্তে তাইজুলের সংগ্রহ ২০ রান। অষ্টম উইকেট জুটিতে দুজন মিলে ১৩৮ বলে অবিচ্ছিন্ন ১০৫ রান যোগ করেছেন। এই জুটিতে হৃদয়ের অবদান ৮৩ এবং তাইজুলের ২০ রান। তবে বাংলাদেশ এখনো ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৬৭ রানে পিছিয়ে রয়েছে।

শামার জোসেফের ডাউন দ্য লেগের বলটি ফ্লিক করে স্কয়ার লেগে পাঠান হৃদয়। সেখানে সিঙ্গেল নেওয়ার সুযোগ ছিল। রানটি নিলেই দেড়শ রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন তিনি। কিন্তু সেই সুযোগ নেননি হৃদয়। হাতে তখন বাংলাদেশের উইকেট ছিল মাত্র দুটি। এমন পরিস্থিতিতে ওভারের শুরুতে টেল এন্ডারকে স্ট্রাইক দিয়ে দেওয়া ঠিক হবে না—এমন বিবেচনায় রান নেওয়া থেকে বিরত থাকেন তিনি।

পরের বলেই পিচড আপ ডেলিভারি পান হৃদয়। দারুণ টাইমিংয়ে বলটি মিড উইকেট দিয়ে সীমানার বাইরে পাঠান তিনি। সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেড়শ রানে পরিণত করেন এই ব্যাটার।

এই ইনিংসে নতুন একটি রেকর্ডও গড়েছেন হৃদয়। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম টেস্ট খেলে ক্যারিয়ারের প্রথম ১৫০ রানের দেখা পেয়েছেন তিনি। নিজের তৃতীয় টেস্টেই এই মাইলফলক স্পর্শ করেছেন হৃদয়।

সিলেটের উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ অনুকূল। তবে সতীর্থদের একের পর এক বিদায়ে বাংলাদেশের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। একপর্যায়ে ফলোঅনের শঙ্কাও দেখা দেয়। শুরুতে ব্যাট হাতে সেই শঙ্কা দূর করার চেষ্টা করেন হৃদয়।

এক প্রান্তে সতীর্থদের একের পর এক ফিরে যেতে দেখেছেন তিনি। একপর্যায়ে ১৮৪ রান তুলতেই সাত উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম এই ইনিংসে ব্যাট করতে পারবেন না। ফলে ব্যাটিং শুরুর আগেই একটি উইকেট হারিয়ে ছিল দল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের হাতে কার্যত উইকেট ছিল মাত্র দুটি।

এমন কঠিন সময়ে তাইজুলকে পাশে পান হৃদয়। এই জুটিতে দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। জুটির প্রায় দুই-তৃতীয়াংশ বল একাই খেলেন হৃদয়। প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। দ্বিতীয় সেশনে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি।

১৭১ বলে সেঞ্চুরি করা হৃদয় পরের ৬৪ বলেই দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন। এই সময়ে তিনটি চার ও চারটি বিশাল ছক্কা হাঁকান তিনি।

এর আগে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম টেস্ট খেলে ক্যারিয়ারের প্রথম ১৫০ রান করার রেকর্ড ছিল মুমিনুল হকের। ১৩ বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের চতুর্থ টেস্টে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন হৃদয়।