০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬

বাংলাদেশকে বড় সুখবর দিল ভারত

রোহিত ও বাংলাদেশ দল   © ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষা ও দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে দলটির। এ বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

শুক্রবার (৬ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশ সফরের বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সফর শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে পারে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

তবে দুই দেশের ক্রিকেট বোর্ড সম্মতি দিলেও সফরটি চূড়ান্ত হতে ভারতের সরকারের অনুমোদন প্রয়োজন। ভারতীয় দলের সফর নির্ভর করছে সেই অনুমতির ওপর।

এদিকে আগামী ৩ থেকে ৯ জানুয়ারি নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। এরপর ২১ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। ফলে বাংলাদেশ সফরে আসতে চাইলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হবে ভারতকে।

সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। সে সময় দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল তারা। ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আসন্ন সিরিজেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে বাংলাদেশ দল।