ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন তামিম
দেশের ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ তৈরি এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসারে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশজুড়ে ক্রিকেটারদের জন্য বড় কোনো পরিকল্পনা নিয়ে কাজ করছে বোর্ড। খুব শিগগিরই সেই পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার মতে, নতুন এই উদ্যোগ দেশের অনেক ক্রিকেটারের জন্যই হতে পারে দারুণ উপকারী।
সোমবার (২ নভেম্বর) রবি বোলার হান্টে বিজয়ী ২১ প্রতিভাবান বোলারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা জানান তামিম।
বিসিবি সভাপতি জানান, দেশজুড়ে ক্রিকেটারদের উপকারে আসতে পারে, এমন একটি বিশেষ প্রকল্প নিয়ে কাজ করছে বিসিবি। কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তামিম বলেন, ‘আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই। তবে দেশজুড়ে অনেক ক্রিকেটারের জন্য অত্যন্ত উপকারী হতে পারে, এমন একটি ঘোষণা দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমি ও আমার ক্রিকেট বোর্ড একটি প্রকল্প নিয়ে কাজ করছি। আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যেই সেটি ঘোষণা করতে পারব।’
এ সময় খেলাধুলার উন্নয়নে পৃষ্ঠপোষকদের ভূমিকার গুরুত্বও তুলে ধরেন বিসিবি সভাপতি। তার মতে, সঠিক পরিকল্পনা ও কার্যকর কর্মসূচির মাধ্যমে স্পন্সরদের কাজে লাগানো গেলে শুধু ক্রিকেট নয়, দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘যেকোনো খেলার জন্য স্পন্সররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঠিকভাবে কাজে লাগানো গেলে এবং পরিকল্পনা ও কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে তা শুধু ক্রিকেট নয়, সামগ্রিক ক্রীড়াঙ্গনেই বড় প্রভাব ফেলতে পারে।’