০২ নভেম্বর ২০২৬, ১৪:৫২

শিরোপা জয়ের পরও জরিমানা গুনল পাকিস্তান

পাকিস্তান দল  © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, সময় বিবেচনায় পাকিস্তান নির্ধারিত ওভার রেটের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল। বিষয়টি নিশ্চিত করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও ওয়েন নাইটস। তাদের সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় এ নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি জেফ ক্রোই জরিমানার সিদ্ধান্ত দেন।

তবে মাঠের বাইরের এই জরিমানা শিরোপা জয়ের আনন্দে খুব একটা প্রভাব ফেলতে পারেনি পাকিস্তান শিবিরে। ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় তুলে নেয় তারা। পাকিস্তানের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার ফখর জামান। ৯৯ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজে মাত্র একটি ম্যাচে হেরেছিল পাকিস্তান। সেটিও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে মাত্র ১৮.১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। তবে ফাইনালে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।