০১ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

এপিএল ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের ১০ ক্রিকেটার

বাংলাদেশ দল  © সংগৃহীত

বেশ কয়েক দফা পেছানোর পর অবশেষে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। পাঁচ ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে আগামী ৩ নভেম্বর এই ড্রাফট অনুষ্ঠিত হবে। এর আগে, প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

প্রকাশিত তালিকায় প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের ৫ ক্রিকেটার তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন জায়গা পেয়েছেন। এই ক্যাটাগরিতে তাদের সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা, রাসি ভ্যান ডার ডুসেন, রভম্যান পাওয়েল, অ্যালেক্স হেলস ও মঈন আলীর মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন।

অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতেও বাংলাদেশের ৫ ক্রিকেটার রয়েছেন। সাকিব আল হাসানের সঙ্গে এই তালিকায় তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস জায়গা পেয়েছেন। এই ক্যাটাগরির উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো, ডেভিড মালান ও রিস টপলি রয়েছেন।

ড্রাফটের আগেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছেন আয়োজকরা। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকিতা। পাঁচ দলের নেতৃত্বে থাকবেন যথাক্রমে রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ।

এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রধান কোচের দায়িত্বও চূড়ান্ত হয়েছে। পাঁচ দলের কোচ হিসেবে মিকি আর্থার, রবি বোপারা, শেন ম্যাকডরমট, টবি রেডফোর্ড ও আজহার মাহমুদ থাকছেন।

টুর্নামেন্টের প্রচার ও ব্র্যান্ডিং কার্যক্রমে টিম অ্যাম্বাসেডর হিসেবে তিলকারত্নে দিলশান, ইরফান পাঠান, মার্ক বাউচার, নিখিল চোপড়া ও ওয়াকার ইউনিস যুক্ত থাকবেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে এপিএলের প্রথম আসর।

প্লাটিনাম ক্যাটাগরি: ওয়ানিন্দু হাসারাঙ্গা, রেজা হেনড্রিকস, রাসি ভ্যান ডার ডাসেন, রোমারিও শেফার্ড, রভম্যান পাওয়েল, আকিল হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, চারিথ আসালাঙ্কা, মাহিশ থিকশানা, জনসন চার্লস, ম্যাথু ব্রিটজকে, ডোয়াইন প্রিটোরিয়াস, মঈন আলী, জেসন রয়, অ্যালেক্স হেলস এবং জেমস ভিন্স।

ডায়মন্ড ক্যাটাগরি: লিয়াম ডওসন, কলিন মুনরো, দুশমন্থ চামিরা, ডেভিড মালান, কাসুন রাজিথা, মার্ক অ্যাডায়ার, সাকিব আল হাসান, টম কোহলার ক্যাডমোর, ব্রেন্ডন কিং, এভিন লুইস, জেইডেন সিলস, ফ্যাবিয়েন অ্যালেন, কার্টিস ক্যাম্ফার, রিস টপলি, তাওহীদ হৃদয়, ব্রেন্ডন ম্যাকমালেন, শেলডন কটরেল, নাহিদ রানা, লরি ইভান্স, সিকান্দার রাজা, তাবরাইজ শামসি, শরিফুল ইসলাম, কামিন্দু মেন্ডিস, জো ক্লার্ক, গ্রায়েম ক্রেমার, পল স্টার্লিং, লিটন দাস, ব্লেসিং মুজারাবানি, রাইলি রুশো এবং ওয়াকার সালামখিল।