বজ্রপাতে বন্ধ খেলা, জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর টেস্টে এবার খেলা বন্ধ হলো বজ্রপাতের কারণে। এর আগে আলোস্বল্পতা ও বৃষ্টির কারণে কয়েক দফা খেলা বন্ধ হয়েছিল। চতুর্থ দিনেও প্রকৃতির বাধায় থেমে গেছে ম্যাচ। তবে বিরতির আগে পর্যন্ত চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তাদের প্রয়োজন আর মাত্র ৮৩ রান, হাতে রয়েছে ১০ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ৮৭ রান তুলেছে ক্যারিবীয়রা। ওপেনার জন ক্যাম্পবেল ৩৯ এবং ব্র্যান্ডন কিং ৪০ রানে অপরাজিত রয়েছেন।
মধ্যাহ্নভোজের বিরতির পরও বাংলাদেশের বোলাররা সেভাবে চাপ তৈরি করতে পারেননি। তাইজুল-মিরাজদের বোলিংয়ে উইকেটের দেখা না পাওয়ায় সহজেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।
এর আগে বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা। পরে বৃষ্টি থামলে মাঠ থেকে কাভার সরিয়ে নেওয়া হয়। খেলা পুনরায় শুরু হওয়ার কথা দুপুর ১টা ৫০ মিনিটে। ফলে, বিকেল ৩টায় হবে চা-বিরতি।
মিরপুর টেস্টে বৃষ্টি কিংবা আলোস্বল্পতায় খেলা বন্ধ হওয়া অবশ্য নতুন কিছু নয়। আগের তিন দিনেও বৈরী আবহাওয়া ও আলোকস্বল্পতার কারণে একাধিকবার খেলা থামাতে হয়েছে। চতুর্থ দিনেও তার ব্যতিক্রম হলো না, এবার বিরতির কারণ বজ্রপাত।
খেলা বন্ধ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সমীকরণ ছিল ১৬২ রান। বাংলাদেশের প্রয়োজন ছিল ১০টি উইকেট। লাঞ্চের আগে বোলিংয়ের জন্য মাত্র এক ওভার পেয়েছিল বাংলাদেশ। সেই ওভারে মেহেদী হাসান মিরাজ কয়েকটি সুযোগ তৈরি করলেও উইকেট আদায় করতে পারেননি।
চতুর্থ দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২০ দশমিক ৪ ওভার। এই সময়ে রান উঠেছে ৭১, বিপরীতে বাংলাদেশ হারায় চারটি উইকেট।