৩০ অক্টোবর ২০২৬, ১৩:৪৮

নাঈম হাসানের ‘অন্যরকম’ ফিফটি

নাঈম হাসান  © সংগৃহীত

ক্রিকেটে ব্যাট হাতে ফিফটি করতে পারলে ব্যাটারদের জন্য সেটি বিশেষ অর্জন। তবে বল হাতে ৫০ উইকেটের মাইলফলক ছোঁয়াও কম কৃতিত্বের নয়। বাংলাদেশের অফ স্পিনার নাঈম হাসান এবার স্পর্শ করলেন সেই মাইলফলক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৫০তম টেস্ট উইকেট পূর্ণ করেছেন তিনি। তার ঘূর্ণিতেই মাত্র ২৪৫ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়দের প্রথম ইনিংস।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে নাঈমের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা সফরকারীরা একসময় বাংলাদেশের বোলারদের বেশ ভালোই সামাল দিচ্ছিল। বিশেষ করে ত্যাগনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভসের ব্যাটিংয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিচ্ছিল ক্যারিবীয়রা।

তবে চন্দরপলের ৫৬ রানের ইনিংস থামিয়ে দেন শরীফুল ইসলাম। এরপর গ্রিভস ও অধিনায়ক রোস্টন চেইজ মিলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুজনের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের লিড নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু লাঞ্চের ঠিক আগের বলে গ্রিভসকে এলবিডব্লিউ করে সেই জুটি ভাঙেন নাঈম।

১০৩ বলে ৪৬ রান করে ফেরেন গ্রিভস। তার বিদায়ে লাঞ্চে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২১৩ রান।

মধ্যাহ্নবিরতির পর অবশ্য আর প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। এক প্রান্তে অধিনায়ক চেইজ লড়াই চালিয়ে গেলেও অন্যপ্রান্তে দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। মাত্র ১১ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়ে ২৪৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

শেষ সেশনে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন নাঈম। শেষ চার উইকেটের তিনটিই তুলে নেন এই অফ স্পিনার। শেষ ব্যাটার জেইডেন সিলসকে ফিরিয়ে পূর্ণ করেন নিজের চার উইকেট। তাতেই ক্যারিয়ারের ৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। বলের হিসাবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে তিনিই সবচেয়ে দ্রুততম ৫০ উইকেট নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে দুটি অর্ধশতক এসেছে জন ক্যাম্পবেল ও ত্যাগনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে। অধিনায়ক রোস্টন চেইজ ৪৩ রানে অপরাজিত থাকেন।