গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি
মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে এখনো ৫৯ রানের লিড ধরে রেখেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির ঠিক আগে জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে স্বাগতিকদের স্বস্তি এনে দেন নাঈম হাসান।
দিনের খেলা শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে। উইকেটে ছিলেন ত্যাগনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন এই দুই ব্যাটার।
তবে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। ১৮৪ বল মোকাবিলা করে ৫৬ রান করে শরিফুল ইসলামের বলে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর গ্রিভসের সঙ্গে জুটি বাঁধেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেইজ।
দুজন মিলে সাবলীল ব্যাটিংয়ে দলের রান এগিয়ে নিতে থাকেন। গ্রিভস এগোচ্ছিলেন অর্ধশতকের দিকে, অন্যদিকে চেইজও ছিলেন বেশ আত্মবিশ্বাসী। তাদের জুটিতে ম্যাচে লিড নেওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজের।
তবে লাঞ্চের ঠিক আগের বলে গ্রিভসকে ফিরিয়ে স্বস্তি এনে দেন নাঈম হাসান। ১০৩ বলে ৪৬ রান করে বিদায় নেন এই ব্যাটার। এতে ৬ উইকেটে ২১৩ রান নিয়ে লাঞ্চে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এ ছাড়া শরিফুল, নাঈম, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।