২৯ অক্টোবর ২০২৬, ১৮:১৯

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড  © সংগৃহীত

তাইজুল-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের দারুণ প্রত্যাবর্তনে জমে উঠেছিল লড়াইও। একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছিল টাইগাররা। তবে সেই ছন্দে বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। 

আলোকস্বল্পতায় ফের বন্ধ হয়ে যায় খেলা। পর্যাপ্ত আলোর অভাবে ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন আম্পায়াররা। পরে পরিস্থিতি আর উন্নতি না হওয়ায় বিকেল ৪টা ৫০ মিনিটে দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৩৪ রান। ত্যাগনায়ারণ চন্দরপল ৪৩ এবং গ্রিভস ১৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। ১৩৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দিনে ৩ উইকেটে ২১৩ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৭২ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ইতিবাচক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ব্রেন্ডন কিং ও জন ক্যাম্পবেল যোগ করেন ২৯ রান। ২০ বলে ১৫ রান করে হাসান মাহমুদের শিকার হয়ে ফেরেন কিং।

এরপর ক্রিজে আসেন ত্যাগনারায়ণ চন্দরপল। অন্য প্রান্তে সাবলীল ব্যাটিং চালিয়ে যান ক্যাম্পবেল। দৃষ্টিনন্দন শটে রান তোলার পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।

অন্যদিকে, দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন চন্দরপলও। চা বিরতির আগে আর কোনো উইকেট হারাতে হয়নি ক্যারিবীয়দের। বিরতির সময় ক্যাম্পবেল ৬৫ বলে ৫৩ রান এবং চন্দরপল ৭৭ বলে ২১ রান নিয়ে অপরাজিত ছিলেন। 

তবে চা-বিরতির মাঝে বৃষ্টির বাধা কাটিয়ে খেলা শুরু হতেই বল হাতে দাপট দেখাতে শুরু করে বাংলাদেশ। একের পর এক উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। এর মধ্যে ৩৬তম ওভারে কোনো রান খরচ না করেই দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

বৃষ্টি থামার পর খেলা শুরু হলে মেহেদী হাসান মিরাজের কৌশলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তার হাওয়ায় ভাসানো বলে স্লিপে নাজমুল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জন ক্যাম্পবেল। ৫৪ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।

এরপর বল হাতে আরও ভয়ংকর হয়ে ওঠেন তাইজুল। তার বলে সিলি পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন কাভেম হজ। ৭ রান করে ফিরতে হয় তাকে।

একই ওভারের পঞ্চম বলে আবারও আঘাত হানেন তাইজুল। এবার তার শিকার আমির জাঙ্গু। বাঁহাতি এই ব্যাটসম্যান স্লগ সুইপ খেলতে গিয়ে তানজিদ হাসানের হাতে ক্যাচ তুলে দেন। এতে ৩৬তম ওভারে কোনো রান না দিয়েই দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওপর চাপ আরও বাড়িয়ে দেন তাইজুল।

শেষবেলায় আরও চাপ শুরু করেছিলেন স্বাগতিক বোলাররা। তবে কোনোভাবেই চন্দরপল ও গ্রিভসের প্রতিরোধ ভাঙা সম্ভব হয়ে উঠেনি। এমনকি আলোকস্বল্পতায় খেলা চালানো আর সম্ভব না হওয়ায় দ্বিতীয় দিনের খেলাও আগেভাগেই বন্ধ ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।