সাদমান-হৃদয়ের ব্যাটে আরেকটি স্বস্তির সেশন
মিরপুর টেস্টে শুরুতে ধাক্কা খেলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। সাদমান ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে তাওহীদ হৃদয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আরেকটি স্বস্তির সেশন কাটিয়েছে স্বাগতিকরা।
এতে ৫৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান নিয়ে চা বিরতিতে গেছেন টাইগাররা। ৭৯ রানে অপরাজিত সাদমান, অন্যদিকে হৃদয় ব্যাট করছেন ৩৬ রানে।
মধ্যাহ্নভোজের পর শান্ত-সাদমানের ব্যাটে সচল ছিল বাংলাদেশের রানের চাকা। তবে নিজের ভুলেই উইকেট খুইয়ে বসেন টাইগার দলপতি। সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন শান্ত। জোমেল ওয়ারিকানের বলে আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ।
রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে আঘাত করার পর স্টাম্পে লাগত। ফলে ৪২ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন শান্ত।
এরপর ক্রিজে এসে সাদমানের সঙ্গে জুটি গড়েন হৃদয়। এর আগে ধীরস্থির ব্যাটিংয়ে ক্যারিয়ারের দশম টেস্ট অর্ধশতক তুলে নেন সাদমান।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ শুরুতেই হারায় তানজিদ হাসানকে। এরপর সাদমান ও মুমিনুল হকের ৫৯ রানের জুটি দলকে প্রাথমিক বিপর্যয় থেকে সামাল দেয়। মুমিনুল ২৮ রান করে ফিরলেও লাঞ্চ বিরতিতে সাদমান ৪০ এবং শান্ত ১২ রানে অপরাজিত ছিলেন। প্রথম সেশনে ২৯ ওভারে দুই উইকেটে ৯৬ রান তুলেছিল বাংলাদেশ।