নিলামে দল না পেলেও এবার সুসংবাদ পেলেন সাকিব
নিলামের মঞ্চে উপেক্ষিত থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। ডি থ্রি ট্রফিতে তাকে দলে নিয়েছে একমি। এর মধ্য দিয়ে নিলামে দল না পাওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটেছে।
ডি থ্রি ট্রফির নিলামে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল তানজিমকে। তবে খেলোয়াড়দের তালিকায় তার নামের পাশে উল্লেখ ছিল, তিনি চোটে আছেন এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
টুর্নামেন্টের শুরুটা টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় এই সংস্করণে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে নিলামে সাকিবের দল না পাওয়ার পেছনে দলগুলোর অনাগ্রহকে দায়ী করার সুযোগ নেই। নির্ধারিত সময়ে তার নামই ডাকা হয়নি। ‘বি’ ক্যাটাগরিতে তার নাম আসার কথা থাকলেও স্ক্রিনে ছবি দেখা গেলেও নাম প্রদর্শিত হয়নি। এ সময় কারিগরি ত্রুটি ও বিলম্বের কারণে সঞ্চালক চারু শর্মা জানান, পরে তাকে ডাকা হবে।
কিন্তু নিলামের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের ব্যয়ের সীমা ছিল ১০ কোটি পয়েন্ট। তানজিমকে এক্সেলারেট রাউন্ডে ডাকার আগেই দলগুলোর পার্স প্রায় শেষ হয়ে যায়। ফলে তাকে দলে নিতে প্রয়োজনীয় পয়েন্ট আর কোনো দলের হাতে অবশিষ্ট ছিল না।
এবার শেষ পর্যন্ত একমির মাধ্যমে দল পেয়েছেন এই পেসার। টি-টোয়েন্টিতে খেলতে না পারলেও ওয়ানডে ও চার দিনের সংস্করণে একমির জার্সিতে মাঠে নামার সুযোগ থাকছে তার।