২৭ অক্টোবর ২০২৬, ১৬:০৮

ফাইনালের স্বপ্নে বাড়তি চাপ নিতে নারাজ শান্ত

নাজমুল হোসেন শান্ত  © সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে টাইগাররা। ফাইনালে ওঠার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই সিরিজে ভালো ফলের বিকল্প নেই বাংলাদেশের। তবে ফাইনালের হিসাব-নিকাশ নিয়ে আগেভাগে ভাবতে চান না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং ম্যাচ ধরে এগিয়ে যাওয়া এবং নিজেদের প্রক্রিয়া অনুসরণ করাতেই তার মনোযোগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) হোম অব ক্রিকেট মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'এটা আমার কাছে চাপ না, অনুপ্রেরণা। টেস্টে এমন সমীকরণ আসছে, এটা ইনস্পায়ারিং। প্রেশার বলব না। বাড়তি কিছু করতে চাই না, প্রক্রিয়া অনুসরণ করতে চাই। যেটা পারি সেটাই একশ ভাগ করতে চাই। বাড়তি এফোর্ট চাই না। অনেক ইম্পরট্যান্ট সিরিজ অবশ্যই।'

শান্ত যোগ করেন, '(ফাইনাল) অনেক দূরে এখনও চিন্তা করছি না। ভালো খেলতে থাকলে অবশ্যই অর্জন করা সম্ভব। আমরা ম্যাচ বাই ম্যাচ, সেশন বাই সেশন কত ভালো খেলতে পারি। ছোট টার্গেট নিয়ে খেলছি। প্রিপারেশনের সময় এভাবেই কথা হয়। একেক ম্যাচ, একেক ঘণ্টা…।'

টানা খেলার প্রসঙ্গ টেনে টাইগার অধিনায়ক বলেন, 'ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর যারা দেশে চলে এসেছিল তারা দ্রুত অনুশীলন শুরু করতে পেরেছে। আমরা প্রস্তুতি ভালোই নিয়েছি, আমি খুশি আছি। কন্ডিশন আমাদের জানা। স্বাভাবিকভাবেই একটু ধারণা তো আছেই। প্রত্যেক সিরিজেই চ্যালেঞ্জ থাকবেই। প্রত্যেক সিরিজেই কঠিন সময় আছে। তবে আমাদের খেলোয়াড়রা যথেষ্ট অভিজ্ঞ। আর কয়েক বছর ধরে এভাবেই খেলছি আমরা- সিরিজের পর সিরিজ।'

প্রথম টেস্টে উইকেট ও কম্বিনেশন নিয়ে শান্তর মন্তব্য, 'পেস ও স্পিন দুই দিকেই ভালো অবস্থানে আছি। ওয়েস্ট ইন্ডিজও এই কন্ডিশন দেখতে পারে, তাই বলতে চাই না। কন্ডিশন অনুযায়ী আমরা একাদশ সাজাব।'