২৬ অক্টোবর ২০২৬, ১২:৪১

কয়েক মিনিটের ব্যবধানে তাসকিনের রেকর্ড ভাঙলেন শরিফুল

শরিফুল ইসলাম  © সংগৃহীত

ডি থ্রি ট্রফির নিলামে রেকর্ড গড়ার লড়াইয়ে তাসকিন আহমেদকে ছাড়িয়ে গেলেন শরিফুল ইসলাম। তাসকিনের সর্বোচ্চ দর ওঠার কয়েক মিনিটের মধ্যেই তাকে ছাড়িয়ে যান এই বাঁহাতি পেসার। তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছিল ওয়ালটন, আর শরিফুলকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে কিনে নিয়েছে সিটিজেনস ব্যাংক।

ঢাকায় চলমান ডি থ্রি ট্রফির নিলামে শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ। একের পর এক তারকা ক্রিকেটারকে দলে নিতে বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে দলগুলো। সেই প্রতিযোগিতায় তাসকিনের রেকর্ড ভেঙে নিলামের সর্বোচ্চ দামের ক্রিকেটার হয়ে ওঠেন শরিফুল।

নিলামে অন্য ক্রিকেটারদের নিয়েও দেখা গেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ। সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। একই অঙ্কের পয়েন্ট খরচ করে হাসান মাহমুদকে দলে নিয়েছে ব্লু স্টার। নাহিদ রানাকে ৭৫ লাখ পয়েন্টে কিনেছে ব্লু স্টার। মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন। আর লিটন দাসকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে কিনেছে মুমিনুলের দল।

‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে তাসকিনের আগে সর্বোচ্চ দর উঠেছিল তানজিম হাসান তামিমের। তার জন্য ২ কোটি পয়েন্ট খরচ করতে রাজি হয় একটি ফ্র্যাঞ্চাইজি। এদিকে নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নেয় ফরচুন।

ফরচুনের হয়ে খেলবেন সৌম্য সরকারও। তাকে কিনতে দলটি খরচ করেছে ৭৫ লাখ পয়েন্ট। একই নিলামে রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে পাওয়া যাবে না। ওই সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন এই লেগ স্পিনার।

এ ছাড়া তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। নিলামে সবার আগে শেখ মেহেদী হাসানকে দলে ভেড়ায় ব্লু স্টার, তার জন্য দলটি খরচ করেছে দেড় কোটি পয়েন্ট।

এবারের নিলামে মোট ২৮১ জন ক্রিকেটারের নাম থাকলেও নিলামে তোলা হচ্ছে ২৭৫ জনকে। বাকি ছয়জন আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন। তাদের মধ্যে নুরুল হাসান সোহান ব্লুস্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে, মোসাদ্দেক হোসেন সৈকত একমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেন ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনে খেলবেন।

নিলামে থাকা ২৭৫ ক্রিকেটারের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ১৭ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৪ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ১১২ জন ক্রিকেটার।