২৫ অক্টোবর ২০২৬, ১৬:২৫

হঠাৎ কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল পাকিস্তান?

পাকিস্তান দল  © সংগৃহীত

চলমান ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে পাকিস্তান। এখন পর্যন্ত পাকিস্তানের দুর্দান্ত ফিল্ডিংয়ের পারফরম্যান্সে সমর্থকেরা আশাবাদী হলেও, ম্যাচটিতে নজর কাড়ার মতো বিষয় এটিই একমাত্র নয়। কারণ, আজ পাকিস্তানের জার্সির রং সবুজ নয়, গোলাপি।

জাতীয় দলের ঐতিহ্যবাহী সবুজ জার্সির পরিবর্তে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান। স্তন ক্যানসার সচেতনতা দিবস পালনের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ বিষয়ে পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাসের অংশ হিসেবে পিংকটোবার উপলক্ষে এই উদ্যোগ আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হলো স্তন ক্যানসারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্ক্রিনিং ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরা এবং সারা দেশে এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে উৎসাহিত করা।’

এই উদ্যোগের অংশ হিসেবে শুধু পাকিস্তান দলই গোলাপি জার্সি পরেনি; ইংল্যান্ড দলের সদস্য, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকারেরাও স্তন ক্যানসার সচেতনতার প্রতীক হিসেবে গোলাপি ফিতা পরেছেন। এর মাধ্যমে ‘স্তন ক্যানসারে আক্রান্ত রোগী ও রোগ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ’ করা হচ্ছে।

এ ছাড়া ম্যাচে ব্যবহৃত স্টাম্পেও গোলাপি রং ও ব্র্যান্ডিং রাখা হয়েছে। স্টেডিয়ামজুড়ে বিভিন্ন প্রাসঙ্গিক গ্রাফিকস ও ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ম্যাচের আগে পিসিবি ডিজিটাল মাধ্যমে সচেতনতামূলক বিভিন্ন প্রচারসামগ্রীও প্রকাশ করেছে।

পিসিবির বাণিজ্যিক বিভাগের পরিচালক আলী আদনান জায়েদি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘কোটি কোটি মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ক্রিকেট একটি শক্তিশালী মাধ্যম। এই উদ্যোগের মাধ্যমে আমরা ক্রিকেটের সেই ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার সম্পর্কে অর্থবহ সচেতনতা ও সম্পৃক্ততা তৈরি করতে চাই।’

পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমাইর আহমেদ সৈয়দও মনে করেন, দেশের ক্রিকেটের বিপুল জনপ্রিয়তা ও প্রভাবের সঙ্গে যে দায়িত্ব জড়িয়ে রয়েছে, সেটি স্বীকার করা জরুরি।

স্তন ক্যানসার সচেতনতার জন্য কোনো দলের গোলাপি জার্সি পরার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। দক্ষিণ আফ্রিকা প্রতি বছর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আয়োজন করে ‘পিংক ডে’ ওয়ানডে ম্যাচ। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে ওই ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নামে স্বাগতিক দল।

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ দুটি পিংক ডে ম্যাচও স্মরণীয় হয়ে আছে। ২০২৪ সালের ম্যাচে ৩৬ রানের জয় পেয়েছিল পাকিস্তান। আর ২০২১ সালের ম্যাচে ফখর জামানের দুর্দান্ত ১৯৩ রানের ইনিংসও পাকিস্তানকে জেতাতে পারেনি। শেষ পর্যন্ত ১৭ রানে জয় পেয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

গত বছরও একই ধরনের গোলাপি দিবস আয়োজন করেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল সেই বিশেষ ম্যাচ।

অস্ট্রেলিয়ার ক্রিকেট মৌসুমেও প্রতি বছর অনুষ্ঠিত হয় ‘পিংক টেস্ট’। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আয়োজিত এই টেস্ট ম্যাচের মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় সহায়তা করা হয় ম্যাকগ্রা ফাউন্ডেশনকে। ক্যানসার সেবায় নিয়োজিত এই দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন জেন ম্যাকগ্রা এবং তার স্বামী, অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার গ্লেন ম্যাকগ্রা।