২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪

ফের বিপাকে নাহিদ রানা, মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা

নাহিদ রানা  © সংগৃহীত

বারবার চোটের ধাক্কায় মাঠের বাইরে থাকতে হচ্ছে তরুণ পেসার নাহিদ রানাকে। সেপ্টেম্বরের শেষ দিকে নতুন করে চোটে পড়ার পর চিকিৎসার জন্য দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় গেছেন তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেওয়ার পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই ডানহাতি পেসার। তবে কবে নাগাদ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।

পরীক্ষা-নিরীক্ষার পর নাহিদের ল্যাব্রামে ছিঁড়ে যাওয়ার চোট ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় ইতোমধ্যে নাহিদকে ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে তার পুনর্বাসন কার্যক্রম।

ওই কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, (নাহিদের) ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ার চোট শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় তাকে ইতোমধ্যে ইনজেকশন দেওয়া হয়েছে এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে সে। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে তার বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে।’

তবে বোলিং শুরু করলেই যে নাহিদ দ্রুত ম্যাচ খেলার উপযোগী হয়ে উঠবেন, এমন নিশ্চয়তা নেই। পুনর্বাসনে তার উন্নতি এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ওপরই নির্ভর করছে মাঠে ফেরার সময়সূচি।

বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে উঠতে না পারলে সাদা বলের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন নাহিদ।

এর আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন এই পেসার। ওই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি।

পুরোনো চোটের ধকল কাটিয়ে ওঠার পথে নিতম্বের পেশিতে নতুন করে আঘাত পান নাহিদ। এর ফলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে যেতে হয় তাকে।

এদিকে আগামী ২৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।