২১ অক্টোবর ২০২৬, ১৮:২৫

২৮ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ  © সংগৃহীত

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ২৮ রান তুলতেই গুরুত্বপূর্ণ ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে টাইগাররা। পরপর ২ বলে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর আশায় ছিল বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক তাওহীদ হৃদয়ের বিদায়ে সেই আশাতেও ধাক্কা লেগেছে আরেকবার।

আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম ওভারে ৪ রান তুলেছিল বাংলাদেশ। পরের ওভারে বল করতে এসে পরপর দুই ওয়াইড দিয়ে শুরু করেন ইয়ামিন আহমেদজাই। তবে তার দ্বিতীয় বৈধ ডেলিভারিতেই উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ।

পরের বলেই অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বল কাট করতে গিয়ে নিজের স্টাম্পে টেনে আনেন সৌম্য সরকার। ফলে কোনো রান যোগ হওয়ার আগেই পরপর দুই বলে দুই উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ২৩ বলে ১৫ রান করে তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। তার বিদায়ের পর ক্রিজে আসা অধিনায়ক তাওহীদ হৃদয়ও টিকতে পারেননি বেশিক্ষণ।

আজমতউল্লাহ ওমরজাইয়ের একটু ফুলার লেংথের বল লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটের মুখ আগেভাগেই বন্ধ করে দেন হৃদয়। তাতেই লিডিং এজ। নিজের বলে নিজেই দুর্দান্ত ক্যাচ নিয়ে হৃদয়কে ফেরান ওমরজাই। ২ বল খেলে কোনো রান করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। শুরুতেই ৪ উইকেট হারিয়ে এখন ঘোর বিপদে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান। ওপেনার সাইফ হাসানের (৬) সঙ্গে নতুন ব্যাটার হিসেবে পারভেজ হোসেন ইমন ক্রিজে এসেছেন।