২১ অক্টোবর ২০২৬, ১৬:৪৩

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাসকিনের, শীর্ষ দশের কাছে শরিফুলও

তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম  © সংগৃহীত

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের একাধিক ক্রিকেটার উন্নতি করেছেন। এর মধ্যে পেসার তাসকিন আহমেদ বড় লাফ দিয়েছেন, উন্নতি করেছেন শরিফুল ইসলামও। দুজনই এখন বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নেওয়ার কাছাকাছি। অন্যদিকে ব্যাটারদের মধ্যে ওপেনার তানজিদ হাসান তামিমও এগিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচের পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তারা। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন তামিম। তবে ব্যাটারদের তালিকায় অন্য বাংলাদেশিরা উল্লেখযোগ্য উন্নতি করতে পারেননি।

পাকিস্তানের সালমান আলী আঘা এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন। বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের টম ব্যান্টনও। ১৭ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৬৬ নম্বরে। শ্রীলঙ্কার পাভান রাথনায়েকে ৩৪ ধাপ উন্নতি করে ৭৫তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের শরিফুল ও তাসকিন শীর্ষ দশের কাছাকাছি আছেন। ক্যারিয়ারসেরা ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন শরিফুল। অন্যদিকে, ক্যারিয়ারসেরা ৫৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন তাসকিন।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। বোলারদের তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুভমান গিল। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।