ফাইনালে উঠার সমীকরণে কেমন হবে বাংলাদেশের একাদশ?
ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারের পর ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে শুধু জয় পেলেই চলবে না, ফাইনালে ওঠার পথ খোলা রাখতে নানা সমীকরণের ওপরও চোখ রাখতে হবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে টাইগারদের একাদশে একাধিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন পারভেজ হোসেন ইমন। সে ক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন সৌম্য সরকার।
ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নাজমুল হোসেন শান্তর জায়গা নিশ্চিত। চারে দেখা যেতে পারে সাইফ হাসানকে, আর পাঁচ নম্বরে অধিনায়ক তাওহীদ হৃদয়। লোয়ার মিডল-অর্ডারে মেহেদী হাসান মিরাজ ফিরতে পারেন। এরপর থাকবেন মোসাদ্দেক হোসেন।
বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রিশাদ হোসেন একাদশের বাইরে থাকলে আলিস আল ইসলামের অভিষেক হতে পারে। পেস আক্রমণে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।