তামিমের বার্তা ফাঁস করলেন বাংলাদেশ কোচ
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের ক্রিকেটে হতাশা বিরাজ করছে। আবুধাবিতে অনুষ্ঠিত সেই ম্যাচটি মাঠে বসেই দেখেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দলের এমন হারের পর স্টেডিয়ামেই ক্রিকেটারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি।
বৈঠক শেষে তামিমের মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। তবে বড় হারের ধাক্কা সামলে দলকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণাও দেন তিনি। সেদিনের আলোচনায় ক্রিকেটারদের কী বার্তা দিয়েছিলেন বিসিবি সভাপতি, তা এবার জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।
সিমন্স বলেন, “তামিমের বার্তা ছিল, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি; এটা সব সময় মাথায় রাখতে হবে। সবাই আমাদের সাফল্য দেখতে চায়। মূলত এটাই ছিল তার বার্তা।”
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে বড় হারের পরও দলের মনোবলে চিড় ধরেনি বলে জানিয়েছেন সিমন্স। তার দাবি, ভালো ক্রিকেট খেলার ব্যাপারে এখনও ইতিবাচক ক্রিকেটাররা।
দলের বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশ কোচ বলেন, “ছেলেদের মধ্যে এখনও যথেষ্ট উদ্যম রয়েছে। আজ সকালেও আমাদের সভা হয়েছে। কী ভালো হয়েছে, আর কোথায় ঘাটতি ছিল, সেসব নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের কী করতে হবে, তা আমরা জানি।”
প্রথম ম্যাচের ব্যর্থতাকে একটি খারাপ দিন হিসেবেই দেখছেন সিমন্স। তার বিশ্বাস, দ্রুত ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য রয়েছে দলের।
তিনি আরও বলেন, “আমরা ভালো খেলছিলাম। কিন্তু ওই দিন কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি। কীভাবে এখান থেকে ঘুরে দাঁড়াতে হয়, তা আমরা জানি। ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরের ম্যাচের জন্য তৈরি হচ্ছি।”