১৯ অক্টোবর ২০২৬, ১৯:৫৯

মিরাজকে নিয়ে স্বস্তিতে বাংলাদেশ কোচ

মেহেদী হাসান মিরাজ  © সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে এই হারে ফাইনালে ওঠার সমীকরণ কঠিন হলেও সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশের। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিচ্ছে তাওহীদ হৃদয়ের দল।

আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অসুস্থতা কাটিয়ে দলে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। তার ফেরার সম্ভাবনায় স্বস্তি প্রকাশ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স।

সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মিরাজের বিষয়ে সিমন্স বলেন, ‘মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। গত কয়েক দিন সে অসুস্থতার কারণে ভুগছিল। আজ ও আগামীকাল তার আরও বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে। আশা করছি, পরের ম্যাচের আগেই সে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর দলের করণীয় সম্পর্কেও পরিষ্কার ধারণা রয়েছে কোচের। খেলোয়াড়দের মনোবল ধরে রেখে ভুলগুলো শুধরে নেওয়ার ওপর জোর দিচ্ছেন তিনি।

সিমন্স বলেন, ‘ছেলেদের মধ্যে এখনও যথেষ্ট উদ্যম রয়েছে। আজ সকালেও আমাদের মিটিং হয়েছে। সেখানে কোনো বিষয়গুলো ভালো হয়েছে আর কোথায় ঘাটতি ছিল, তা নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের কী করতে হবে, সেটা আমরা জানি। আমরা ভালো ক্রিকেট খেলছিলাম।’

প্রথম ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধান কোচ। তার ভাষায়, ‘এমন একটি দিন গেছে, যেদিন কিছুই আমাদের পক্ষে আসেনি। তবে আমরা জানি, কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয়। ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’