ঘরের মাঠেও খেলা হচ্ছে না লিটনের?
চোটের কারণে চলমান ত্রিদেশীয় সিরিজে খেলা হচ্ছে না লিটন দাসের। সিরিজ শুরুর আগেই চোটে পড়েছিলেন ওয়ানডে অধিনায়ক। এতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টস করতে মাঠে নেমেছিলেন তাওহীদ হৃদয়। পরে লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
এদিকে সিরিজে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন লিটন। দেশে ফেরার পর সোমবার (১৯ অক্টোবর) বিসিবির চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। বিসিবির সূত্র বলছে, লিটনের এই চোট তেমন গুরুতর নয়। তাই দ্রুতই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্র জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই আবারও মাঠে দেখা যেতে পারে তাকে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকা টেস্টে লিটনকে বিশ্রামে রাখার সিদ্ধান্তও আসতে পারে।
অন্যদিকে, লিটনের অনুপস্থিতিতে ত্রিদেশীয় সিরিজের দলে পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন। ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন ও পরবর্তী ম্যাচগুলোর প্রস্তুতিতে যুক্ত হয়েছেন এই ওপেনার।
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে প্রথম টেস্টের আগে ২২ অক্টোবর দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ক্যারিবীয়রা।