১৮ অক্টোবর ২০২৬, ১৮:২৬

অবশেষে মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান  © সংগৃহীত

শেষমেশ মাঠে ফিরছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। আগামী ১৯ অক্টোবর থেকে অনুষ্ঠেয় প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডে খেলবেন তিনি। সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবে ২২ গজে দেখা যাবে তাকে।

গেল সেপ্টেম্বরের মাঝামাঝি ইংল্যান্ড সফরের পর রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের আওতায় তার আর্থিক লেনদেন ও মোবাইল ফোনের তথ্যও পরীক্ষা করা হচ্ছে।

এদিকে রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হলেও তদন্ত শেষ হয়েছে; এমন কোনো তথ্যও প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে ৮ দল নিয়ে অনুষ্ঠেয় প্রথম শ্রেণির ঘরোয়া এই টুর্নামেন্টে রিজওয়ানের অংশ নেওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। যদিও প্রথমবারের মতোই এই টুর্নামেন্টে দেখা যাবে তাকে।

রিজওয়ানের পাশাপাশি ইমাম-উল-হকও তদন্তের মুখে পড়েছিলেন। যদিও এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে এই সংস্থার আচরণের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন রিজওয়ান। তবে এই বিষয়ে এখনও নীরবতা জিইয়ে রেখেছেন ইমাম। এখন পর্যন্ত ‘প্রেসিডেন্টস ট্রফি’-তেও খেলার অনুমতি পাননি তিনি।