বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজের
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে টেস্ট দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার জায়গায় আরেক পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
এর আগে, ব্যক্তিগত সিদ্ধান্তে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন পেসার আলজারি জোসেফ। অন্যদিকে, ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত স্প্রিঙ্গারের টেস্ট অভিষেক হয়নি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩টি ম্যাচে ৩২ দশমিক ৫৯ গড়ে ১০৪৩ রান করার পাশাপাশি ২৭ দশমিক ৮৭ গড়ে ৫৮টি উইকেট নিয়েছেন।
সম্প্রতি ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে ৪ ম্যাচে ৫০ দশমিক ২০ গড়ে ২৫১ রান করেন। তবে বল হাতে কঠিন সময় পার করতে হয়। ৪২ গড়ে শিকার করতে পারেন কেবল ৭টি উইকেট।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ক্যারিবীয়রা।
আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল।
ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত টেস্ট স্কোয়াড:
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দ্রপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।