১৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৫

জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?

মেহেদী হাসান মিরাজ  © সংগৃহীত

বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে লাল-সবুজেরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটির আগে দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অসুস্থতা। জ্বরে ভুগছেন এই ক্রিকেটার। তবে ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী অধিনায়ক লিটন দাস। যদিও মিরাজ খেলতে না পারলে বিকল্প হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকতকে বিবেচনা করছেন তিনি।

মিরাজের শারীরিক অবস্থা নিয়ে লিটন বলেন, ‘জ্বর আছে। আশা করি রিকভার করবে এবং খেলতে পারবে।’  এ ছাড়ামোসাদ্দেকের সামর্থ্য সম্পর্কে তার মূল্যায়ন, ‘(মোসাদ্দেক) ৬ নম্বরের ব্যাটার। সে তো ভালো অপশন অবশ্যই।’

বর্তমান দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তার মতে, সাম্প্রতিক সময়ে দল ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে ঘরের মাঠে নিজেদের খেলার ধরন ছিল ইতিবাচক। লিটন বলেন, ‘এই দলে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। পাশাপাশি যারা সিনিয়র আছি, আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, সব কিছু করা সম্ভব।’

আবুধাবিতে সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতা থেকে আসন্ন ম্যাচের উইকেট নিয়ে আশাবাদী লিটন। তার ধারণা, উইকেটের ধরনে খুব বেশি পরিবর্তন থাকবে না। তিনি বলেন, ‘খুব একটা আলাদা হওয়ার কথা না। দেখার কারণ ছিল, কী ধরনের উইকেট হবে। আমার ধারণা ছিল মাঝের উইকেটে খেলা হবে। আশা করি ভালো উইকেট হবে এবং সমান (ব্যাট-বলে ভারসাম্যপূর্ণ) উইকেট হবে।’

অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজে নিজেদের ফেভারিট মনে করছে আফগানিস্তান। দলটির অন্যতম শক্তি স্পিন বিভাগ। তবে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ। লিটনের মতে, আফগানিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে এবং দলের ক্রিকেটাররা নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ করেছেন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে তো আমরা প্রথমবার খেলব না। অনেকদিন ধরেই খেলেছি এবং বেশিরভাগ প্লেয়ার অনেকদিন ধরেই খেলছে। যেসব ঘাটতি ছিল সবাই কাজ করেছে সেখানে। ১-২ দিনে যেসব সুবিধা পেয়েছি চেষ্টা করেছি সেভাবে প্রস্তুতি নেওয়ার। আফগানিস্তান ভালো দল। তাদের স্পিন এবং পেস দুই বোলিং কোয়ালিটিই ভালো।’