১৫ অক্টোবর ২০২৬, ২০:৪১

পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক

মোসাদ্দেক হোসেন সৈকত  © সংগৃহীত

দেশের ক্রিকেট ইতিহাসে ২০১৯ সালে আয়ারল্যান্ড সফর বিশেষভাবেই স্মরণীয়। সেবার ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ব্যাট হাতে দলের জয়ের নায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ বছর পর আরেকটি ত্রিদেশীয় সিরিজের আগে সেই স্মৃতিই নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে এই অলরাউন্ডারকে। এবারও তার চোখ শিরোপায়।

আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

তবে এই সিরিজের আগে ২০১৯ সালের সাফল্যকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে দেখছেন মোসাদ্দেক। তার মতে, ত্রিদেশীয় সিরিজে ভালো ফল এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দলকে আত্মবিশ্বাস জোগাবে।

সৈকত বলেন, “২০১৯-এর ত্রিদেশীয় সিরিজ একটা অনুপ্রেরণা। তো সেই জায়গা থেকে একটা ভালো সুযোগ সামনের ত্রিদেশীয় সিরিজ, সামনে এশিয়া কাপ। তো তারপরে বিশ্বকাপ। তো এই ত্রিদেশীয় সিরিজগুলো জিততে পারলে আমার কাছে মনে হয় যে দল হিসেবে আমরা খুবই আত্মবিশ্বাসী হব এখান থেকে।”

এদিকে এবারের লড়াইয়ে অবশ্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। সংযুক্ত আরব আমিরাতের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষ করে দলের সঙ্গে পরে যোগ দেওয়া ক্রিকেটারদের জন্য পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি।

এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, “আমাদের দেশের থেকে এখানে একটু গরম বেশি। গতকালকের থেকে আজকের আবহাওয়াটা একটু বেশি উত্তপ্ত। তো সেই জায়গা থেকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, আমরা যারা পরে এসেছি। আমার কাছে মনে হয় আজকে এবং কালকের অনুশীলনটা আমাদেরকে মানে সেই আমরা মানিয়ে নিতে পারব এখানে, প্রথম ম্যাচের জন্য।”