১৪ অক্টোবর ২০২৬, ২০:০০

বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি

‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি  © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ম্যাচটিতে আফগানিস্তান দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাজাই। তবে মাঠের আম্পায়ারদের বারবার নিষেধ সত্ত্বেও মাঠে প্রবেশ করেন তিনি। এতে খেলার স্বাভাবিক গতি ব্যাহত হয় এবং সময় নষ্ট হয়। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ১৩৯তম ওভারে অনুমতি ছাড়াই আবার মাঠে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধের অভিযোগ আনা হয়।

জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার। এ ছাড়া তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফিও অভিযোগ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের শাস্তি হিসেবে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন জাজাই। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।