১৩ অক্টোবর ২০২৬, ২১:২০

আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ

লিটন দাস   © সংগৃহীত

আবুধাবির প্রচণ্ড গরমের মধ্যেও জমে উঠেছিল বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগালেও শেষশেশ আফগানিস্তানের দুর্দান্ত ব্যাটিংয়ে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টাইগারদের। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স ও উইকেটের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন লিটন দাস।

ম্যাচ জিততে না পারার আক্ষেপ প্রকাশ করে লিটন বলেন, ‘অবশ্যই, আমরা ম্যাচ জিততে চাই। কিন্তু ক্রিকেট এভাবেই চলে। আফগানিস্তান খুব ভালো খেলেছে। উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক হলেও তাদের চার ও পাঁচ নম্বর ব্যাটার যেভাবে ব্যাটিং করেছে তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’

নিজের ব্যাটিং নিয়েও আক্ষেপের কথা জানিয়েছেন লিটন। প্রথম ইনিংসে বড় রান করার সুযোগ কাজে লাগাতে না পারলেও দ্বিতীয় ইনিংসে সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

লিটন বলেন, ‘উইকেট কিছুটা ফ্ল্যাট ছিল। প্রথম ইনিংসে আমি সুযোগটা কাজে লাগাতে পারিনি। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। কারণ, প্রতিদিন বড় ইনিংস খেলার মতো সুযোগ আসে না। প্রথম ইনিংসেও সেই সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমি সেই সুযোগটা কাজে লাগিয়েছি।’

আবুধাবির প্রতিকূল আবহাওয়ায় ব্যাটিংয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে লিটন জানান, গরমের মধ্যেও মনোযোগ ধরে রাখা এবং নিজের শক্তি সঠিকভাবে কাজে লাগানোই ছিল তার মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘গরমের মধ্যে কন্ডিশন বেশ কঠিন ছিল। আমি মনোযোগ ধরে রেখেছি এবং নিজের শক্তি সঞ্চয় করে খেলেছি। উইকেট কিছুটা ফ্ল্যাট ছিল। নেটে ভালো অনুশীলন করেছি। কয়েকটি রান করার পর আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছি।’