১২ অক্টোবর ২০২৬, ১৪:১৫

কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য

বিরাট কোহলি ও আনুশকা শর্মা  © সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নিয়ে নতুন করে প্রশ্ন তুললেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তার দাবি, হাসিমুখে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাননি কোহলি। বরং, অবসরের সিদ্ধান্তের পেছনে কাজ করেছিল তিক্ততা। এই পরিস্থিতির জন্য তৎকালীন ভারতীয় নির্বাচক প্রধান অজিত আগারকারের দিকেও ইঙ্গিত করেছেন জাফর। 

তার মতে, কোহলির মতো তারকা ক্রিকেটারের অবসরের বিষয়টি আরও বিচক্ষণতার সঙ্গে সামলানো যেত।

নিজের ইউটিউব চ্যানেলে কোহলির অবসর প্রসঙ্গে জাফর বলেন, “আমার মনে হয়, কোহলি একেবারেই খুশি ছিল না। তিক্ততা নিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিল সে।”

জাফরের মতে, কোহলির মতো জনপ্রিয় ক্রিকেটারকে আরও কয়েক বছর টেস্টে খেলতে দেখা যেতে পারত। তার উপস্থিতি যে দর্শকদের মাঠে টানে, সেটিও মনে করিয়ে দিয়েছেন ভারতের সাবেক এই ওপেনার। 

তিনি বলেন, “কোহলির মতো ক্রিকেটারকে দেখার জন্যই দর্শকরা স্টেডিয়ামে আসেন। ওর জনপ্রিয়তার সঙ্গে কারও তুলনা চলে না। আরও অনেক দিন টেস্ট খেলতে পারত ও। তবে কোহলি নিজে মুখ না খোলা পর্যন্ত অবসরের আসল কারণ জানা সম্ভব নয়।”

গত বছর হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। সেই সিদ্ধান্তের সময় নিয়েও সংশয় প্রকাশ করেছেন জাফর। তার বক্তব্য অনুযায়ী, ইংল্যান্ড সফরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন কোহলি। এমনকি প্রস্তুতির অংশ হিসেবে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন তিনি। কিন্তু এপ্রিল মাসে পরিস্থিতি বদলে যায়। 

জাফরের দাবি, ভারতীয় দলের ম্যানেজমেন্ট তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথা কোহলিকে জানিয়েছিল। এরপরই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

ইংল্যান্ড সফরের প্রস্তুতি নেওয়ার পরেও কেন কোহলি অবসরের পথে হাঁটলেন, সেই প্রশ্ন তুলেছেন জাফর। তার মতে, গোটা বিষয়টি আরও ভালোভাবে সামলানো সম্ভব ছিল। 

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার প্রশ্ন হল, টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত যদি নিয়েই থাকে, তাহলে ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিল কেন? কোহলির মতো ক্রিকেটারের অবসর ঘোষণার বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আমার মনে হয়, ম্যানেজমেন্ট খুব তাড়াহুড়ো করে ফেলেছিল।”

তবে কোহলির অবসরের নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চাননি জাফর। তার মতে, এই বিষয়ে কোহলি নিজে মুখ খুললেই প্রকৃত সত্য সামনে আসবে। আপাতত ভারতের অন্যতম সেরা এই ব্যাটারের টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে।