১১ অক্টোবর ২০২৬, ১৫:২০

নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও

নাহিদ রানা  © সংগৃহীত

চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়া শেষে জাতীয় দলে ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে নতুন করে নিতম্বের পেশিতে চোট পাওয়ায় তার প্রত্যাবর্তন আবারও পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের পর এবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন এই পেসার। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা জেগেছে।

আগের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। পরিকল্পনা ছিল, ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে মাঠে ফিরবেন তিনি। কিন্তু নতুন চোট সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে তাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা।

চলতি বছর জিম্বাবুয়ে সফরে গ্রেড-২ সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নাহিদ। সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলতে পারেননি। নতুন করে ইনজুরিতে পড়ায় অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নাহিদের শারীরিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের নির্বাচক প্যানেলের এক সদস্য জানিয়েছেন, ১১ অক্টোবর তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদকে পাওয়ার আশা এখনো ছাড়েননি নির্বাচকেরা। তবে দুই ম্যাচেই তাকে পাওয়া যাবে, নাকি কেবল দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ হবে, তা নির্ভর করছে তার চোটের অবস্থা ও পুনরুদ্ধারের গতির ওপর। 

এদিকে চোটের প্রকৃত কারণ শনাক্ত করতে আরও পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা করছে বিসিবি। আক্রান্ত স্থানে সিস্ট থাকার সম্ভাবনা নিয়েও সন্দেহ রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ কারণে নাহিদকে দেশের বাইরে পাঠিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বোর্ড। এরপরই নির্ধারণ করা সম্ভব হবে, কবে নাগাদ আবারও মাঠে ফিরতে পারবেন বাংলাদেশের এই গতিময় পেসার।