হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
হঠাৎ করেই শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচক কমিটির কাছে পাঠানো চিঠিতে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন ধনঞ্জয়া। সেখানে তিনি লিখেছেন, ‘আমি সত্যিই মনে করি, নেতৃত্বের দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’
২০২৪ সালের জানুয়ারিতে দিমুথ করুনারত্নের জায়গায় শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক হন ধনঞ্জয়া। এরপর প্রায় তিন বছরে তার নেতৃত্বে ১৮টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে সাতটিতে জয়, আটটিতে হার ও তিনটিতে ড্র করেছে দলটি।
ধনঞ্জয়ার নেতৃত্বে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশকেও দেশে ও দেশের বাইরে হারিয়েছে তারা।
বাংলাদেশের বিপক্ষেই অধিনায়ক হিসেবে অন্যতম স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছিলেন ধনঞ্জয়া। ২০২৪ সালের মার্চে সিলেট টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১০২ ও ১০৮ রান করেছিলেন তিনি। তার জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩২৮ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।
অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় ব্যাট হাতে আরও দুটি সেঞ্চুরি করেন ধনঞ্জয়া। এই সময়ে টেস্টে তার ব্যাটিং গড় ছিল ৩৬ দশমিক ৪৫।
পদত্যাগের সিদ্ধান্তের পর ধনঞ্জয়াকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তার ক্যারিয়ারের বাকি সময়ের জন্য শুভকামনা জানাচ্ছে। আমাদের টেস্ট দলকে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, সে জন্য তাকে ধন্যবাদ।’
অধিনায়কত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলার দরজা খোলা রেখেছেন ধনঞ্জয়া। নির্বাচিত হলে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
এদিকে ধনঞ্জয়ার উত্তরসূরি কে হচ্ছেন, তা এখনো ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।