৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবুরের
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিও ছুঁয়েছেন। অথচ ৩৫ বছর বয়সেও বাংলাদেশ জাতীয় দলের দরজা খোলেনি তার। দীর্ঘ অপেক্ষার পর এখন জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
সোমবার (৫ অক্টোবর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ঢাকা যখন বিপর্যয়ে, তখন ব্যাট হাতে দলকে উদ্ধার করেন তাইবুর। খেলেন ১০৮ রানের দুর্দান্ত ইনিংস। সেঞ্চুরির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে দেন বিস্ফোরক উত্তর।
এই ব্যাটার বলেন, ‘সরাসরি বলে দিচ্ছি, আমার জাতীয় দলে খেলার কোনো ইচ্ছাই নেই।’
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে অনেকেরই জাতীয় দলের দরজা খুলেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮ ম্যাচ খেলে ৮টি সেঞ্চুরি করা তাইবুরের ক্ষেত্রেও স্বাভাবিকভাবেই সেই সম্ভাবনার কথা উঠেছে। কিন্তু জাতীয় দলে খেলার বিষয়ে প্রশ্ন উঠতেই তার প্রতিক্রিয়ায় ফুটে উঠেছে দীর্ঘদিনের হতাশা।
এমনকি সংবাদমাধ্যমকর্মীদের লাইভ সরিয়ে নেওয়ার অনুরোধও করেন তিনি। কেন জাতীয় দলে খেলার ইচ্ছা নেই, এমন প্রশ্নে তাইবুর বলেন, ‘এসব বিতর্কিত উত্তর দিতে চাচ্ছি না এখন।’
জাতীয় দলে খেলার বিষয়টি এখন নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন। তার ভাষায়, ‘প্রত্যেক খেলোয়াড়েরই ইচ্ছা থাকে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। তো আমার ইচ্ছে আছে। এখন বাদবাকিটা নির্বাচকদের ওপর।’
তাইবুর আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে ছিল। কিন্তু এখন এটা আর নেই। আমার হয়তো বোঝার ভুল ছিল। তো আমি এই আক্ষেপকে কাজে রূপান্তরের চেষ্টা করছি।’
২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১০৮ ম্যাচ খেলেছেন তাইবুর। ৩৪ দশমিক ৭১ গড়ে তার রান ৫ হাজার ৬৭। সেঞ্চুরি ৮টি, ফিফটি ২৬টি। বল হাতেও কার্যকর তাইবুর ১১৩ উইকেট শিকার করেছেন।
উল্লেখ্য, রংপুরের বিপক্ষে ম্যাচে অবশ্য ব্যাট হাতে নিজের কাজটা ঠিকই করেছেন তাইবুর। মাত্র ৭৪ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ঢাকা। সেখান থেকে সপ্তম উইকেটে সুমন ও তাইবুরের ১৭২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত লিড নিতে না পারলেও ২৮৪ রান সংগ্রহ করে ঢাকা। তৃতীয় দিন শেষে ৫৬ রানের লিড নিয়ে রংপুরের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান।