০৫ অক্টোবর ২০২৬, ১৬:১৬

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল   © সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে ওমানে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি আরও ভালোভাবে ঝালিয়ে নিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

সিরিজকে সামনে রেখে গত দুই সপ্তাহ ধরে অনুশীলন ক্যাম্প করেছে হান্নান সরকারের দল। আগামী ১০ অক্টোবর ওমানে পৌঁছাবে যুব টাইগাররা। এরপর ১৩ অক্টোবর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এই সিরিজের শেষ ম্যাচটি।

সিরিজের সবগুলো ম্যাচই ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ১৩ ও ১৫ অক্টোবর প্রথম দুই ওয়ানডের পর ১৮, ২০ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের বাকি তিন ম্যাচ। প্রায় ১০ দিনের ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের জন্য এই সিরিজের গুরুত্ব আরও বেশি। কারণ, নভেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও ওমানের মাটিতে অনুষ্ঠিত হবে। ফলে একই কন্ডিশনে আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুত করার দারুণ সুযোগ পাচ্ছে যুবারা।