এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরের প্রথম রাউন্ডে জাতীয় দলের কোনো ক্রিকেটারই খেলছেন না। এশিয়ান গেমস ও সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের ব্যস্ততার কারণে দেশের বাইরে আছেন তারা।
তবে তৃতীয় রাউন্ড থেকে জাতীয় দলের ক্রিকেটারদের এনসিএলে ফেরার কথা রয়েছে। তাদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দিতে তৃতীয় রাউন্ডের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী, ১৭ থেকে ২০ অক্টোবরের পরিবর্তে ১৮ থেকে ২১ অক্টোবর তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে ।
রবিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের বাড়তি একদিন বিশ্রামের সুযোগ করে দিতেই সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। ফলে তৃতীয় রাউন্ডে মাঠে নামার আগে একদিন বেশি বিশ্রাম পাবেন তারা।
এদিকে তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মধ্যকার বিরতি একদিন কমিয়ে আনা হয়েছে। এতে চতুর্থ রাউন্ডের সূচিতে কোনো পরিবর্তন আনতে হয়নি। আগের সূচি অনুযায়ী, ২৪ থেকে ২৭ অক্টোবর চতুর্থ রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আগামী ৯ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত সফর। ইতোমধ্যেই আরব আমিরাতে পৌঁছে গেছেন টেস্ট দলের সদস্যরা। অন্যদিকে জাপান থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন এশিয়ান গেমসে অংশ নেওয়া ক্রিকেটাররা।
অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে বাংলাদেশ। ১৩ অক্টোবর টেস্ট শেষ হওয়ার পর জাতীয় দলের যেসব ক্রিকেটার ওয়ানডে দলে থাকবেন না, তারা দেশে ফিরে এনসিএলের তৃতীয় রাউন্ডে খেলবেন।