০৩ অক্টোবর ২০২৬, ১৯:২৪

স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দল  © সংগৃহীত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রথম ম্যাচটি স্থগিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল লাল-সবুজ শিবিরের।

ডব্লিউসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কারিগরি কারণে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে।

এক বার্তায় আয়োজকরা জানিয়েছে, ‘৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নির্ধারিত পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে। ম্যাচটি নিয়ে পরবর্তী আপডেট শিগগিরই জানানো হবে।’

এদিকে ধারণা করা হচ্ছে, এই টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়েই একধরনের জটিলতা তৈরি হচ্ছে। এমন শঙ্কার অবশ্য আগেই জানা গিয়েছিল। ডব্লিউসিএলের অধিনায়কদের একসঙ্গে দেখা গেলেও সেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের কোনো প্রতিনিধিই উপস্থিত ছিলেন না। 

ওই অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে দেখা গেছে।

উল্লেখ্য, সাবেকদের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এরপর ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলার কথা বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের।