সতীর্থদের আগলে রাখলেন লিটন, তুললেন প্রশ্নও
একদিকে মাঠের যাচ্ছে-তাই পারফরম্যান্স, অন্যদিকে মাঠের বাইরের বিতর্ক-সবমিলিয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। এরই মধ্যে টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া ঘুরতে গিয়ে নতুন বিপত্তি বাঁধিয়েছেন সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। তাদেরকে আর্থিকভাবে জরিমানা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অধিনায়ক হিসেবে তাদেরকে ঠিকই আগলে রাখলেন লিটন দাস। দিলেন এই তিন ক্রিকেটারের বাইরের ঘুরতে চাওয়ার ব্যাখ্যাও।
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে গত ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টি বাঁধায় ওই ম্যাচ মাঠে না গড়ানোয় আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায় লাল-সবুজেরা। তবে শেষ চারে পাকিস্তান এবং ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ন্যূনতম লড়াইও করতে পারেনি টিম টাইগার্স।
জানা গেছে, নাগোয়ায় বৃষ্টিতে অনুশীলন বন্ধ থাকা দিনে বেড়াতে গিয়েছিলেন এই তিন ক্রিকেটার। মুখে মুখে রটে যাওয়া ঘটনাটি একপর্যায়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল পর্যন্ত পৌঁছায়। বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান তামিম ইকবালকে বিষয়টি অবহিত করেন তিনি। বিষয়টি জানার পর বোর্ড প্রেসিডেন্টও এই তিন ক্রিকেটারের বিরুদ্ধের বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ নিয়ে অধিনায়ক লিটনের দাবি, অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না থাকা এবং গেমসের সুবিধাদি পর্যাপ্ত না হওয়ায়, না চাইতেও তাই বাইরে গিয়েছিলেন তারা। একই সঙ্গে এশিয়ান গেমসের খাবারের মান নিয়েও প্রশ্ন তুলেন টাইগার দলপতি।
লিটন বলেন, ‘একটা প্লেয়ার কি সারাদিন রুমের ভেতর বন্দী হয়ে বসে থাকবে? এখানে খাবার-দাবার যখন একটা প্লেয়ারের কভার হচ্ছে না, তখন তাকে তো রুম থেকে বের হতেই হবে। কারণ, খেতে গেলে বাইরে যেতে হবে। আমাদের কাছে যদি অনুশীলন করার জন্য অপশন থাকত, তাহলে তো বাইরে যেতে হতো না।‘
লিটন যোগ করেন, ‘এখন যদি বলেন, ক্রিকেট খেলব, রোদের মধ্যে খেলা, কিন্তু সারাদিন এসি রুমে ঘুমাব… সেটা তো অ্যাকসেপ্ট করবেন না। আমাদের কাছে যদি অপশন থাকত প্র্যাকটিস করার জন্য, আপনারা তো আমাদের মাঠেই দেখতে পারতেন যে আমরা প্র্যাকটিসে আছি। কিন্তু অপশন নেই তো।‘
সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ জানিয়ে লিটন বলেন, ‘আমরা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি, অন্যান্য ইভেন্ট খেলি, তখন প্র্যাকটিস ফ্যাসিলিটি থাকে। ক্রিকেট জিনিসটাই এমন না যে আপনি ঘরের ভিতর থাকবেন আর এসে খেলবেন। এর জন্য প্র্যাকটিস ফ্যাসিলিটি থাকে, অনেক কিছু থাকে। ওই জিনিসগুলো তো এখানে নেই। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, যে ক্রিকেট গেমসটা হচ্ছে, এটাতেই নেই।‘