‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
নিলাম মানেই অর্থের লড়াই। যে দলের বাজেট যত বেশি, পছন্দের ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগও থাকে তত বেশি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি’তে এবার দেখা যাবে ভিন্ন চিত্র। এখানে ক্রিকেটার দলে নেওয়ার লড়াই হবে টাকা দিয়ে নয়, পয়েন্টের ভিত্তিতে।
অর্থের প্রচলিত নিলাম পদ্ধতি বাদ দিয়ে পয়েন্টভিত্তিক অকশনের পরিকল্পনা করেছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, টুর্নামেন্টে ক্রিকেটারদের ম্যাচ ফি ও দৈনিক ভাতা আগে থেকেই নির্ধারিত থাকবে।
নাফীস বলেন, ‘ডি থ্রি টুর্নামেন্ট নিয়ে খুব সফলভাবে দুটি প্রোগ্রাম করেছি। দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই টুর্নামেন্টে ম্যাচ ফি ও ডেইলি এলাউন্স নির্ধারিত।’
নিলামের পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘অকশনের যে সিস্টেম, সেটা পয়েন্টের। অকশনে যত বেশি ডাকবেন, তত বেশি পেমেন্ট; এখানে এমনটা থাকছে না। পয়েন্ট অকশন হবে।’
প্রতিটি দলের জন্য নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট বরাদ্দ থাকবে। সেই সীমার মধ্যেই দলগুলোকে পুরো স্কোয়াড সাজাতে হবে। নাফীসের ভাষায়, ‘প্রতিটি দলের পার্স বেধে দেওয়া থাকবে, যে এত পয়েন্টের বেশি কেউ ডাকতে পারবে না। দলগুলোকে ঐ পয়েন্টের মধ্যে থেকেই দল গঠন করতে হবে।’
‘ডি থ্রি’র নিলামের মূল আকর্ষণ হবে আইকন ক্রিকেটারদের বাইরে বাকি ২২ জনকে দলে নেওয়ার লড়াই। প্রতিটি দলকে মোট ২৩ জনের স্কোয়াড গঠন করতে হবে। এ বিষয়ে নাফীস বলেন, ‘২৩ জন খেলোয়াড় নিয়ে দল করতে হবে। আইকন নেওয়া হয়েছে, বাকি ২২ জন নেবে দলগুলো।’
ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনার লক্ষ্যে গত রবিবার ৬ দল নিয়ে নতুন ‘ডি থ্রি’ ট্রফির ঘোষণা দেওয়া হয়েছে। একই ৬ দল চার দিনের ম্যাচ, ৫০ ওভার ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই অংশ নেবে।
নতুন এই কাঠামোর ফলে আগের ঘরোয়া সূচিতে থাকা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও জাতীয় লিগ টি-টোয়েন্টি আর থাকছে না। তবে দীর্ঘ সংস্করণের প্রধান প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবং ওয়ানডের গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগের মতোই আলাদাভাবে অনুষ্ঠিত হবে।
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের জন্য ৬টি প্রতিষ্ঠানও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ২৩ জন করে ক্রিকেটার। আগামী ১৫ ডিসেম্বর বরিশালে টি-টোয়েন্টি পর্ব দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এরপর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে চার দিনের ম্যাচের পর্ব। আর ৫০ ওভারের প্রতিযোগিতাটি মাঠে গড়াবে আগামী মে মাসে।